গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মিছিলের ঘটনায় গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদকে দায়িত্ব থেকে সরিয়ে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। আদেশে প্রশাসনিক কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এম তানভীর আহমেদকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করার কথা বলা হয়েছে।
এর আগে একই দিন গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকেও প্রত্যাহার করা হয়। তাঁকে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) গুলশান-১ এলাকার ৩ নম্বর সড়কের একটি গলিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েকশ নেতাকর্মী মিছিল বের করার চেষ্টা করেন। পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে গেলে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশও দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে। ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার এবং পাঁচটি অবিস্ফোরিত ককটেল উদ্ধারের কথা জানায় পুলিশ।
ওই ঘটনায় গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। এরপর কয়েক দফায় গ্রেপ্তার বাড়ে। ১৩ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ ৭২ জনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছিল।
বিজ্ঞাপন
মিছিলের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় পুলিশের প্রস্তুতি ও আগাম গোয়েন্দা তথ্যের ব্যবহার নিয়ে প্রশ্ন ওঠে। ১৫ সেপ্টেম্বরও ওই মামলায় আরও সাতজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে মঙ্গলবার সচিবালয়ে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, গুলশানে আওয়ামী লীগের মিছিলের বিষয়ে গোয়েন্দা তথ্য ছিল। তবে ওই সময় জুমার নামাজকে কেন্দ্র করে সেখানে লোকজন জড়ো হয়ে এমন কর্মসূচি করতে পারে, তা পুলিশ হয়তো অনুমান করতে পারেনি।
গুলশানের ঘটনায় দায়িত্বে থাকা দুই কর্মকর্তাকে প্রশাসনিক কারণে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের বিষয়ে ডিএমপির আদেশে মিছিলের সঙ্গে সরাসরি কোনো কারণ উল্লেখ করা হয়নি।








