Logo

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার বিজয়ী হাফেজদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫০
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার বিজয়ী হাফেজদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা
ছবি: সংগৃহীত

সৌদি আরবে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার পাওয়া বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের অভিনন্দন জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশের সন্তানরা মেধা ও যোগ্যতার মাধ্যমে ভালো কোনো অর্জন করলে রাষ্ট্রীয়ভাবে তার স্বীকৃতি দেওয়ার চেষ্টা করবে সরকার।

বিজয়ীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা যে পুরস্কারটা জিতে এসেছেন, এটা শুধু আপনাদেরই অর্জন না। আমি মনে করি, এটা বাংলাদেশের সব মুসলমানের অর্জন।’

হাফেজদের উৎসাহ ও সম্মান দেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে যারা মেধা ও যোগ্যতার স্বাক্ষর রাখবে, তাদের অর্জনের যথাযথ স্বীকৃতি দেওয়া সরকারের নীতির অংশ।

বিজ্ঞাপন

আরও পড়ুন

তারেক রহমান বলেন, মেধাবীদের উৎসাহিত করা এবং তাদের সঠিকভাবে মূল্যায়ন করা গেলে তার সুফল ভবিষ্যৎ প্রজন্মের পাশাপাশি পুরো দেশ ও দেশের মানুষ পাবে। সরকার গঠনের পর থেকেই যোগ্য ও মেধাবী ব্যক্তিদের উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের আমন্ত্রণ তারই অংশ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সামনে এ ধরনের আরও প্রতিযোগিতা হলে বাংলাদেশি প্রতিযোগীদের অংশগ্রহণে সরকারের সহযোগিতা প্রয়োজন হলে নিয়ম অনুযায়ী জানাতে হবে। সরকারের পক্ষ থেকে যতটুকু সম্ভব, তা করার চেষ্টা করা হবে।

তিনি বলেন, ‘আমরা চাই আমাদের ছেলেমেয়েরা এরকম আন্তর্জাতিক প্রতিযোগিতাতে অংশগ্রহণ করুক এবং অংশগ্রহণ করার মাধ্যমে তাদের নিজেদের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য তারা সম্মান এবং গৌরব নিয়ে আসুক।’

অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত হাফেজদের শিক্ষকরা তাদের বিভিন্ন সমস্যার কথাও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। বিষয়গুলো সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে আলোচনা করে সম্ভাব্য সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা কিছু সমস্যার কথা বলেছেন। এটার সমাধানের কোনো পথ আমাদের কাছে থাকলে যদি সম্ভব হয়, ইনশাআল্লাহ আমরা সেটা দেখব। আমাদের পক্ষে যতটুকু সম্ভব, আমরা ইনশাআল্লাহ সেটা দেখার অবশ্যই চেষ্টা করব।’

দেশে শান্তি ও ইতিবাচক পরিবর্তনের জন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কাজের ধরন আলাদা হলেও সবার লক্ষ্য হওয়া উচিত এমন একটি পরিবেশ তৈরি করা, যেখানে মানুষ শান্তিতে ও মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারে।

সরকারের জন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে চাই। সবাইকে নিয়ে আমরা একসঙ্গে চলতে চাই। সবাইকে নিয়ে আমরা দেশের জন্য ভালো কিছু পরিবর্তন আনতে চাই।’

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিজয়ীদের বই উপহার দেন। এর আগে সৌদি আরবের প্রতিযোগিতায় যে সূরাগুলো তিলাওয়াত করে তারা পুরস্কার অর্জন করেছেন, সেগুলোর আয়াতও তাদের কণ্ঠে শোনেন তিনি।

সৌদিতে বাংলাদেশের হাফেজদের সাফল্য

গত আগস্টে সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩টি দেশের ৩৩৪ জন প্রতিযোগী অংশ নেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বাংলাদেশের হাফেজ নুরুদ্দিন জাকারিয়া প্রতিযোগিতার চতুর্থ শাখায় প্রথম স্থান অর্জন করেন। একই আসরে হাফেজ মাহমুদুল হাসান আশরাফী ৩০ পারা গ্রুপে তৃতীয় স্থান লাভ করেন।

বিজ্ঞাপন

প্রকাশিত তথ্য অনুযায়ী, এবারের প্রতিযোগিতায় পাঁচটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিভিন্ন বিভাগে ৫০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, প্রতিমন্ত্রী শামীম কায়সার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিজয়ী হাফেজদের শিক্ষক কাইয়ুম মোল্ল্যা, মুঈনুদ্দীন মজুমদার, আবু বকর, সাজেদা খাতুন ও মাওলানা রফিকুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD