Logo

সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:৪৮
সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরিতে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কার্যক্রমকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে অভিন্ন সিলেবাসে প্রশিক্ষণ এবং সমন্বিত পদ্ধতিতে সনদ দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) গভর্নিং বডির তৃতীয় সভায় সভাপতিত্বকালে তিনি এ নির্দেশনা দেন।

সভায় প্রধানমন্ত্রী বলেন, দেশের দক্ষ মানবসম্পদ তৈরিতে এনএসডিএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশি দক্ষ কর্মীদের সুযোগ ও স্বীকৃতি বাড়াতে প্রশিক্ষণের মান এবং সনদায়নের ক্ষেত্রে সমন্বয় প্রয়োজন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে একাধিক প্রশিক্ষণ কর্মসূচি চালু থাকলেও সমন্বয়ের ঘাটতির কারণে এসব প্রশিক্ষণ ও সনদ অনেক ক্ষেত্রে প্রত্যাশিত কার্যকারিতা অর্জন করতে পারছে না। এর ফলে তরুণদের দক্ষতার সনদ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাঙ্ক্ষিত স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে সমস্যার মুখে পড়ছে।

এ পরিস্থিতিতে এনএসডিএর গভর্নিং বডিকে দ্রুত একটি ছোট কমিটির মাধ্যমে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করে বিভিন্ন মন্ত্রণালয়ের দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ কার্যক্রমকে অভিন্ন কাঠামোয় আনার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

আলোচনায় প্রশিক্ষণের জন্য অভিন্ন ও আন্তর্জাতিক মানসম্পন্ন সিলেবাস এবং সনদায়ন ব্যবস্থা চালুর বিষয়টি গুরুত্ব পায়। প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, এ ধরনের ব্যবস্থা কার্যকর হলে তরুণদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে তাদের সনদের গ্রহণযোগ্যতা বাড়ানোর সুযোগ তৈরি হবে।

সভায় এনএসডিএর প্রশাসনিক কাঠামো, জনবল ও কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। পাশাপাশি জাতীয় দক্ষতা উন্নয়নসংক্রান্ত নীতি ও কৌশলপত্র, শ্রমবাজারের চাহিদা বিশ্লেষণ এবং স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রশিক্ষণের মানোন্নয়ন, সনদায়ন এবং বিভিন্ন সনদের পারস্পরিক স্বীকৃতির বিষয়ও সভায় আলোচনায় আসে। এনএসডিএর দায়িত্বের মধ্যে অভিন্ন প্রশিক্ষণ পাঠ্যক্রম প্রণয়ন এবং প্রশিক্ষণ কার্যক্রমের সমন্বয়ের বিষয়টি আইনি কাঠামোতেও রয়েছে।

সভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD