প্রধানমন্ত্রীকে ফেসবুকে গালাগালি ও হুমকি, যুবক আটক

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অকথ্য ভাষায় গালাগালি ও হুমকি দেওয়ার অভিযোগে সঞ্জয় কুমার দাস নামের এক যুবককে আটক করেছে মেহেরপুর সদর থানা পুলিশ।
বিজ্ঞাপন
আটক সঞ্জয় কুমার দাস মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামের হিরন কুমার দাসের ছেলে। শুক্রবার দিবাগত রাতে শহরের গড়পুকুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
মেহেরপুর সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে সঞ্জয় কুমার দাস তার নিজের ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও পোস্ট করেন। পুলিশের দাবি, ওই ভিডিওতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অকথ্য ভাষায় গালাগালির পাশাপাশি হুমকি দিতে দেখা যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এরপর শুক্রবার রাতেই অভিযান চালিয়ে শহরের গড়পুকুর এলাকা থেকে সঞ্জয় কুমার দাসকে আটক করে সদর থানা পুলিশ। পরে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সঞ্জয় কুমার নামের এক যুবককে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে গালাগালির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার অভিযোগে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।








