১ অক্টোবর থেকে বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে আগামী ছয় মাসের মধ্যে দেশের ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সগুলোতে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আয়োজিত আলোচনা সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
মীর শাহে আলম জানান, প্রধানমন্ত্রীর বাসভবনের পাশাপাশি পর্যায়ক্রমে সচিবালয়, জাতীয় সংসদসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকেও সৌরবিদ্যুতের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর ভাষ্য, জনগণকে সৌরবিদ্যুৎ ব্যবহারে উৎসাহিত করতে সরকারি প্রতিষ্ঠানগুলোকেই আগে উদ্যোগ নিতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রস্তুত থাকা ৩ হাজার ৪১৬টি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি কমপ্লেক্সে ৫ দশমিক ৫ কিলোওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের জন্য মোট ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি জানান, প্রতিটি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের জন্য ৩ লাখ ৫০ হাজার টাকা করে বরাদ্দ রাখা হয়েছে। এসব স্থাপনায় সৌর প্যানেল বসানোর মাধ্যমে স্থানীয় পর্যায়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পাশাপাশি সাধারণ মানুষকে এ প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করার লক্ষ্য রয়েছে।
মীর শাহে আলম বলেন, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সগুলো গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা। সেখানে প্রতিদিন বিভিন্ন সেবা নিতে সাধারণ মানুষ আসেন। এসব স্থাপনায় সৌরবিদ্যুৎ ব্যবহার হলে মানুষ সরাসরি সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারের বিষয়টি দেখতে পারবেন।
বিজ্ঞাপন
সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী ছয় মাসের মধ্যে সৌর প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব চাহিদা মেটানোর পাশাপাশি নেট মিটারিংয়ের মাধ্যমে অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের সুযোগ সম্প্রসারণ করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।
নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় সৌরবিদ্যুৎ সম্প্রসারণের এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।








