শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা তৈরির সুপারিশ

মহান মুক্তিযুদ্ধে শহীদদের সঠিক তালিকা এবং প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন করে প্রতিবেদন তৈরির সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
বিজ্ঞাপন
সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মো. মনিরুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে গত ছয় মাসে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নেওয়া গুরুত্বপূর্ণ কার্যক্রম ও সেগুলোর বাস্তবায়ন অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বৈঠকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস যথাযথভাবে তুলে ধরার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধারা যাতে যথাযথ সম্মান ও মর্যাদা পান, সে বিষয়ে সংশ্লিষ্টদের সচেষ্ট থাকার পরামর্শ দেয় সংসদীয় কমিটি।
আহত জুলাই যোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে দেশের বাইরে চিকিৎসার ব্যবস্থা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশও করা হয়েছে। কমিটি মনে করে, গুরুতর আহতদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ বিষয়ে কার্যকর উদ্যোগ প্রয়োজন।
এ ছাড়া মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রকৃত মুক্তিযোদ্ধারা যাতে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পান, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিটি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বৈঠকে মুক্তিযোদ্ধা সংসদকে সচল রাখার বিষয়েও আলোচনা হয়। জাতীয় রাজনীতিতে মুক্তিযোদ্ধা সংসদ যাতে সক্রিয় ভূমিকা রাখতে পারে, সে জন্য সংগঠনটির কার্যক্রম সচল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
বৈঠকে কমিটির সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমেদ আযম খান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, সদস্য মো. আব্দুল হান্নান এবং রোকেয়া বেগম উপস্থিত ছিলেন।








