Logo

ডেঙ্গু ঠেকাতে নগরবাসীকেও দায়িত্বশীল হওয়ার আহ্বান চসিক মেয়রের

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:৫৭
ডেঙ্গু ঠেকাতে নগরবাসীকেও দায়িত্বশীল হওয়ার আহ্বান চসিক মেয়রের
ছবি: সংগৃহীত

ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের বিস্তার রোধে চট্টগ্রাম নগরের লালদিঘী এলাকায় বিশেষ মশকনিধন ক্রাশ প্রোগ্রাম পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পরিচালিত কর্মসূচি পরিদর্শন করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

বিজ্ঞাপন

কর্মসূচির আওতায় লালদিঘী ও আশপাশের এলাকায় মশার সম্ভাব্য প্রজননস্থল শনাক্ত করে লার্ভা ধ্বংস, মশকনিধন ওষুধ প্রয়োগ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। বিভিন্ন স্থানে জমে থাকা পানি ও মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থানগুলোও পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

কর্মসূচি পরিদর্শনের সময় মেয়র বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু সিটি করপোরেশনের কার্যক্রম যথেষ্ট নয়। মশার প্রজননস্থল ধ্বংস করতে নগরবাসীকেও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি বলেন, এডিস মশা সাধারণত জমে থাকা পানিতে বংশবিস্তার করে। তাই বাসাবাড়ি, ছাদ, বারান্দা, ফুলের টব, পরিত্যক্ত পাত্র ও নির্মাণাধীন ভবনসহ যেসব স্থানে পানি জমার সুযোগ রয়েছে, সেগুলো নিয়মিত পরিষ্কার রাখা জরুরি। কোথাও পানি জমে থাকলে দ্রুত তা অপসারণ করতে হবে।

মেয়র আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত মশকনিধন কার্যক্রমের পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ ক্রাশ প্রোগ্রাম চালানো হচ্ছে। এর অংশ হিসেবে প্রজননস্থল ধ্বংস, লার্ভা নিধন, ওষুধ প্রয়োগ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বিজ্ঞাপন

শুধু মশকনিধন ওষুধ প্রয়োগের মাধ্যমে মশার বিস্তার পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্ব দিতে হবে। এ কাজে সিটি করপোরেশনের মাঠকর্মীদের পাশাপাশি নগরবাসীর সহযোগিতাও প্রয়োজন।

ডা. শাহাদাত হোসেন বলেন, ডেঙ্গু প্রতিরোধ একটি সম্মিলিত দায়িত্ব। ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং পানি জমতে না দেওয়ার মাধ্যমে মশার বংশবিস্তার অনেকাংশে কমানো সম্ভব।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি নগরবাসীর প্রতি ঘর-আঙিনা পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনের কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান।

চসিক জানিয়েছে, নগরের বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় পর্যায়ক্রমে এ ধরনের মশকনিধন ক্রাশ প্রোগ্রাম পরিচালনা করা হচ্ছে। ডেঙ্গু পরিস্থিতি বিবেচনায় মশকনিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD