মেয়াদোত্তীর্ণ টেলিকম ব্যাটারিতে গ্রামীণ স্কুলে মিলবে বিদ্যুৎ

টেলিকম খাতে ব্যবহৃত মেয়াদোত্তীর্ণ ব্যাটারির কার্যক্ষম সেল পুনরুদ্ধার করে গ্রামীণ স্কুল ও বিদ্যুৎ সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য ব্যাকআপ বিদ্যুৎ ব্যবস্থা তৈরির উদ্যোগ নিয়েছে ইডটকো বাংলাদেশ ও টাইগার লিথিয়াম এনার্জি।
বিজ্ঞাপন
এ লক্ষ্যে সম্প্রতি প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উদ্যোগটির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, সার্কুলার অর্থনীতি এবং সামাজিক উন্নয়নে যৌথভাবে কাজ করবে প্রতিষ্ঠান দুটি।
ইডটকো বাংলাদেশের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচি ‘টাওয়ার টু পাওয়ার’-এর আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এর অধীনে টেলিকম খাতে ব্যবহৃত ও মেয়াদোত্তীর্ণ ব্যাটারি থেকে প্রযুক্তিগতভাবে কার্যক্ষম সেল শনাক্ত করে পুনরুদ্ধার করা হবে। পরে এসব সেল ব্যবহার করে তৈরি করা হবে নির্ভরযোগ্য ব্যাকআপ পাওয়ার সিস্টেম।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পর্যায়ক্রমে এসব বিদ্যুৎ ব্যবস্থা দেশের নির্বাচিত গ্রামীণ স্কুল, শিক্ষাপ্রতিষ্ঠান এবং নির্ভরযোগ্য বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত অন্যান্য এলাকায় স্থাপন করা হবে। বিদ্যুৎ বিভ্রাটের সময় এতে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম চালু রাখা সহজ হবে। পাশাপাশি স্থানীয় মানুষের দৈনন্দিন প্রয়োজনেও ব্যাকআপ বিদ্যুৎ সহায়তা দেবে।
ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর আল-বাতুনী মোহাম্মাদ সাঈদ আহমেদ বলেন, টেকসই উন্নয়নকে তারা শুধু পরিবেশ সংরক্ষণের মধ্যে সীমাবদ্ধ রাখেন না; মানুষের জীবনেও ইতিবাচক পরিবর্তন আনার বিষয়টিকে গুরুত্ব দেন। ‘টাওয়ার টু পাওয়ার’ কর্মসূচির আওতায় এই অংশীদারত্ব মেয়াদোত্তীর্ণ টেলিকম ব্যাটারিকে নতুনভাবে ব্যবহারের সুযোগ তৈরি করবে।
বিজ্ঞাপন
তিনি বলেন, উদ্যোগটির ফলে একদিকে ইলেকট্রনিক বর্জ্য কমবে, অন্যদিকে নির্ভরযোগ্য বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত এলাকার মানুষ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ব্যাকআপ বিদ্যুৎ পাবে। বাস্তব সামাজিক প্রয়োজন পূরণে দায়িত্বশীল উদ্ভাবনের একটি উদাহরণ হিসেবেও তিনি উদ্যোগটিকে উল্লেখ করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ইডটকোর তথ্য অনুযায়ী, ‘টাওয়ার টু পাওয়ার’ সিএসআর কর্মসূচির মাধ্যমে এরই মধ্যে বাংলাদেশে এক লাখের বেশি মানুষের জীবনমান উন্নয়নে অবদান রাখা হয়েছে। নতুন অংশীদারত্বের ফলে এই কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ইডটকো ও টাইগার লিথিয়াম এনার্জি জানিয়েছে, ডিজিটাল অবকাঠামো ও সম্পদ ব্যবস্থাপনায় নিজেদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ব্যবহারের মেয়াদ শেষ হওয়া টেলিকম ব্যাটারিগুলোকে পরিবেশবান্ধব ব্যাকআপ বিদ্যুৎ ব্যবস্থায় রূপান্তর করা হবে।
প্রতিষ্ঠান দুটি জানিয়েছে, এই উদ্যোগ তাদের পরিবেশ, সামাজিক ও সুশাসন (ইএসজি) অঙ্গীকারের অংশ। একই সঙ্গে এটি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।








