বাদপড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, হবে না রাজনৈতিক বৈষম্য

৪৯তম বিসিএসের বিশেষ শিক্ষা ক্যাডারে প্রজ্ঞাপন থেকে বাদ পড়া ৪৬ জনের নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন আগামী সোমবার জারি হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্ট করেছেন, রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো প্রার্থীর সঙ্গে বৈষম্য করা হবে না। তবে নিয়োগের আগে নির্ধারিত যাচাই-বাছাই ও পুলিশ ভেরিফিকেশনের নিয়ম অনুসরণ করতে হবে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, নিয়োগ প্রক্রিয়ায় মেডিকেল পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশনসহ যেসব আনুষ্ঠানিকতা বাধ্যতামূলক, সেগুলো সম্পন্ন করা হচ্ছে। রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে বাদ দেওয়া হচ্ছে কি না—এমন প্রশ্নের প্রসঙ্গে তিনি বলেন, বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার থেকেই সরকার কাজ করছে। তাই কারও রাজনৈতিক পরিচয় বিবেচনায় নিয়ে যাচাই-বাছাই বা অন্য কোনো ধাপে বৈষম্য করা হবে না।
আরও পড়ুন
বিজ্ঞাপন
মন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন নিয়োগপ্রার্থীকে ঘিরে বিভিন্ন ধরনের বক্তব্য ও উদ্বেগ ছড়িয়েছে। কারও নাম প্রাথমিক প্রজ্ঞাপনে থাকলেও পরবর্তী যাচাই-বাছাইয়ের কারণে চূড়ান্ত তালিকায় নাম না আসতে পারে। তবে প্রজ্ঞাপন একবারেই চূড়ান্ত নয় এবং নির্ধারিত প্রক্রিয়া শেষ হওয়ার পর সংশোধিত বা পরবর্তী প্রজ্ঞাপন জারির সুযোগ রয়েছে।
তিনি আরও বলেন, গুরুতর অপরাধের অভিযোগ বা আদালতে কোনো দণ্ডের বিষয় থাকলে পুলিশ ভেরিফিকেশনে তা বিবেচনায় আসতে পারে। এ ধরনের ক্ষেত্রে সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নিয়োগ নিয়ে জটিলতা তৈরি হতে পারে। তবে শুধু রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে নিয়োগ থেকে বঞ্চিত করা হবে না বলে আবারও আশ্বস্ত করেন তিনি।
বিজ্ঞাপন
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভেরিফিকেশন সরকারি চাকরির একটি নিয়মিত প্রক্রিয়া, যা বিভিন্ন সরকারের আমলেই বিধি অনুযায়ী হয়ে এসেছে। কারও বিরুদ্ধে গুরুতর অভিযোগের কারণে ভেরিফিকেশনে সমস্যা দেখা দিলে পরবর্তী সময়ে মন্ত্রণালয়ে অভিযোগ বা আবেদন করার সুযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখার ব্যবস্থাও রয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিশ্ববিদ্যালয়গুলোতে গুজব বা অপতথ্যের মাধ্যমে অস্থিরতা তৈরির চেষ্টা না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের উত্তেজিত করে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার কোনো কারণ নেই। নিয়োগপ্রার্থীদের ধৈর্য ধরারও অনুরোধ জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ জানান, বাকি ৪৬ জনের প্রজ্ঞাপন জারির জন্য আগামী সোমবার দিন নির্ধারিত রয়েছে। তবে এর আগে কয়েকটি প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্রজ্ঞাপনের ফাইলে রাষ্ট্রপতির স্বাক্ষরও প্রয়োজন হয় বলে জানান তিনি।
তিনি বলেন, যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। বিষয়টি নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব এবং মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে আলোচনা চলছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা ছুটির দিনেও কাজ করে প্রক্রিয়াটি দ্রুত শেষ করার চেষ্টা করছেন।








