Logo

বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতা বাড়ানোতে দক্ষিণ কোরিয়াকে আহ্বান

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ অক্টোবর, ২০২৬, ১৯:৪০
বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতা বাড়ানোতে দক্ষিণ কোরিয়াকে আহ্বান
ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, শিল্প, প্রযুক্তি ও উন্নয়ন সহযোগিতা আরও সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১ অক্টোবর) সিউলে দক্ষিণ কোরিয়ার বাণিজ্য আলোচনাবিষয়ক উপমন্ত্রী হিয়েজিন কোয়ান এবং কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কোইকা) ভাইস প্রেসিডেন্ট দোহ ইয়ং-আহর নেতৃত্বাধীন জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠকে এসব বিষয়ে আলোচনা করেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান এ তথ্য জানান।

হিয়েজিন কোয়ানের সঙ্গে বৈঠকে হুমায়ুন কবির বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার দীর্ঘদিনের সহযোগিতাকে আরও বিস্তৃত করার আগ্রহের কথা জানান। দেশের অর্থনৈতিক রূপান্তর ও শিল্পোন্নয়নে দক্ষিণ কোরিয়ার ভূমিকারও প্রশংসা করেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

গত আগস্টে দুই দেশের মধ্যে কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (সিইপিএ) সফলভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, এলডিসি থেকে উত্তরণের প্রক্রিয়ায় এই চুক্তি দক্ষিণ কোরিয়া ও আঞ্চলিক সরবরাহব্যবস্থায় বাংলাদেশের আরও গভীরভাবে যুক্ত হওয়ার সুযোগ তৈরি করবে।

বিজ্ঞাপন

প্রয়োজনীয় অভ্যন্তরীণ প্রক্রিয়া শেষ হওয়ার পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের প্রস্তাবিত বাংলাদেশ সফরের সময় সিইপিএ আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বৈঠকে বাংলাদেশি পণ্য ও সেবা আমদানি বাড়াতে দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান হুমায়ুন কবির। পাশাপাশি দুই দেশের বাণিজ্য ঘাটতি ধীরে ধীরে কমিয়ে আনার ওপর গুরুত্ব দেন তিনি।

বাংলাদেশের কৃষি, মৎস্য ও খাদ্যপণ্যের জন্য খাদ্যনিরাপত্তা পরিদর্শন এবং কোয়ারেন্টাইন প্রক্রিয়া সহজ করার অনুরোধও জানান প্রতিমন্ত্রী। একই সঙ্গে আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব (আরসিইপি) জোটে বাংলাদেশের যোগদানের ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার সমর্থন চান তিনি।

বিজ্ঞাপন

বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার বড় শিল্পগোষ্ঠী এবং ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ উৎসাহিত করার পাশাপাশি যৌথ বিনিয়োগ প্রচার ও সরকারি পর্যায়ের (জিটুজি) সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান হুমায়ুন কবির।

জবাবে হিয়েজিন কোয়ান বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক সম্পর্কের অগ্রগতিকে স্বাগত জানান। সিইপিএর কাঠামোর আওতায় দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ ও শিল্প সহযোগিতা আরও সম্প্রসারণে দক্ষিণ কোরিয়ার আগ্রহের কথা জানান তিনি।

কোইকার ভাইস প্রেসিডেন্ট দোহ ইয়ং-আহর সঙ্গে পৃথক বৈঠকে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে সংস্থাটির দীর্ঘদিনের অবদানের প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। অনুদান, সক্ষমতা বৃদ্ধি, কারিগরি সহযোগিতা এবং জ্ঞান বিনিময়ের মাধ্যমে কোইকার সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান তিনি।

বিজ্ঞাপন

বৈঠকে কোইকার ৩ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের ‘সায়েমাউল প্লাস অ্যান্ড পোভার্টি’ কর্মসূচির জন্য ধন্যবাদ জানান হুমায়ুন কবির। পাশাপাশি পানি নিরাপত্তা ও জলবায়ু সহনশীলতা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা এবং ডিজিটাল স্বাস্থ্য খাতে আরও সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ডিজিটাল রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ডিজিটাল জনসেবা খাতসহ বড় পরিসরের সমন্বিত ও রূপান্তরমূলক কর্মসূচিতে কোইকা-বাংলাদেশ সহযোগিতার পরবর্তী ধাপ এগিয়ে নেওয়ার আগ্রহও প্রকাশ করেন তিনি।

এ ছাড়া এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) পাশাপাশি ঢাকার এমআরটি প্রকল্পে অর্থায়নের বিষয়ে দক্ষিণ কোরিয়ার দ্রুত সম্মতি দেওয়ার অনুরোধ জানান প্রতিমন্ত্রী।

কোইকার ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশের উন্নয়ন সহযোগিতা সম্প্রসারণের আগ্রহকে স্বাগত জানান। বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে কোরিয়ার উন্নয়ন সহযোগিতার অভিজ্ঞতার সামঞ্জস্য রেখে নতুন ক্ষেত্র ও কর্মসূচিতে কাজ করার প্রস্তুতির কথা জানান তিনি।

বিজ্ঞাপন

দুই বৈঠকে পারস্পরিক স্বার্থ ও অগ্রাধিকারের ভিত্তিতে বাণিজ্য, বিনিয়োগ, শিল্প সহযোগিতা, প্রযুক্তি হস্তান্তর এবং উন্নয়ন সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার বিদ্যমান সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD