Logo

ঢাকায় শনিবার শুরু হচ্ছে ‘বে অব বেঙ্গল কনভারসেশন’

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ অক্টোবর, ২০২৬, ১৪:৫৯
ঢাকায় শনিবার শুরু হচ্ছে ‘বে অব বেঙ্গল কনভারসেশন’
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় শনিবার (৩ অক্টোবর) শুরু হচ্ছে আন্তর্জাতিক ভূরাজনৈতিক সম্মেলন ‘বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৬’। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত তিন দিনের এ সম্মেলন চলবে ৫ অক্টোবর পর্যন্ত।

বিজ্ঞাপন

আয়োজকদের তথ্য অনুযায়ী, সম্মেলনে শতাধিক দেশের দুই শতাধিক আলোচক, তিন শতাধিক ডেলিগেট এবং এক হাজারের বেশি অংশগ্রহণকারী যুক্ত হবেন।

শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সম্মেলনের আনুষ্ঠানিক ঘোষণা দেন সিজিএসের প্রেসিডেন্ট জিল্লুর রহমান।

প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে বিওবিসি। আয়োজকদের দাবি, বেসরকারিভাবে আয়োজিত দক্ষিণ এশিয়ার বৃহত্তম আন্তর্জাতিক ভূরাজনৈতিক সম্মেলন হিসেবে এটি আঞ্চলিক কূটনীতি নিয়ে আলোচনার একটি গুরুত্বপূর্ণ মঞ্চে পরিণত হয়েছে।

বিজ্ঞাপন

এবারের সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনে বিভিন্ন দেশের সাবেক ও বর্তমান রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, কূটনীতিক, সামরিক বিশেষজ্ঞ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, ব্যবসায়ী ও বিনিয়োগকারী, সাংবাদিক, মানবাধিকারকর্মী, প্রযুক্তি বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন।

জিল্লুর রহমান বলেন, সামুদ্রিক নিরাপত্তা ও আঞ্চলিক ভূরাজনীতির প্রেক্ষাপটে বঙ্গোপসাগরের গুরুত্ব ক্রমেই বাড়ছে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগস্থল হিসেবে এ অঞ্চলকে ঘিরে তৈরি হওয়া সমস্যা ও সম্ভাবনা নিয়ে কার্যকর সমাধান খোঁজা আয়োজনটির অন্যতম লক্ষ্য।

তিনি জানান, এবারের আলোচনায় ভূরাজনীতি, নিরাপত্তা, আস্থা, জলবায়ু পরিবর্তন, আধ্যাত্মিকতা ও মানবিকতার মতো বিষয় গুরুত্ব পাবে। সিজিএস ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে কার্যক্রম সম্প্রসারণ করেছে এবং ভবিষ্যতে ব্রাসেলস ও দুবাইয়েও কার্যক্রম বিস্তারের পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে সিজিএসের নির্বাহী পরিচালক পারভেজ করিম আব্বাসী বলেন, সময়ের সঙ্গে বে অব বেঙ্গল কনভারসেশনের পরিসর বেড়েছে। কঠিন ও সংবেদনশীল বিষয়গুলোকে আলোচনার কেন্দ্রে আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি জানান, এবারের সম্মেলনে বৈশ্বিক ভূরাজনৈতিক অনিশ্চয়তা, বাংলাদেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থা এবং টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা হবে। এসব সংলাপে অংশগ্রহণকারীদের সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে সিজিএসের পরিচালক সুবীর দাস, গবেষণা সহকারী তাসফিয়া রহমানসহ প্রতিষ্ঠানটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সম্মেলনের বিস্তারিত আলোচ্যসূচি, সময়সূচি ও আলোচকদের তালিকা বিওবিসির অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD