Logo

আইপিইউ সম্মেলনে অংশ নিতে ঢাকা ছেড়েছেন স্পিকার হাফিজ উদ্দিন

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ অক্টোবর, ২০২৬, ১৬:০৮
আইপিইউ সম্মেলনে অংশ নিতে ঢাকা ছেড়েছেন স্পিকার হাফিজ উদ্দিন
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ | ফাইল ছবি

আন্তর্জাতিক সংসদীয় ইউনিয়নের (আইপিইউ) ১৫৩তম সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

বিজ্ঞাপন

রবিবার (৪ অক্টোবর) দুপুর আড়াইটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঞ্জানিয়ার আরুসার উদ্দেশ্যে যাত্রা করেন তিনি।

স্পিকারের এ সফরে তাঁর সঙ্গে রয়েছেন সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু এবং সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, এ. ই. সুলতান মাহমুদ বাবু, শামছুর রহমান শিমুল বিশ্বাস, এস কে আজিজুল বারী, হুমাম কাদের চৌধুরী, মীর আহমাদ বিন কাসেম, সানসিলা জেবরিন ও রোকেয়া বেগম।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আগামী ৫ থেকে ৯ অক্টোবর তাঞ্জানিয়ার আরুসায় অনুষ্ঠিত হবে আইপিইউর ১৫৩তম সম্মেলন। এতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিভিন্ন অধিবেশন ও আলোচনামূলক পর্বে অংশ নেবেন। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সংসদীয় প্রতিনিধিদের অংশগ্রহণের মধ্য দিয়ে আন্তর্জাতিক সহযোগিতা, সুশাসন ও গণতান্ত্রিক ব্যবস্থার নানা দিক নিয়ে আলোচনা হবে।

এবারের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘অন্তর্ভুক্তি, আস্থা এবং সবার জন্য সুযোগ সৃষ্টির মাধ্যমে সুশাসন উন্নয়ন এবং সম্প্রদায়ের ক্ষমতায়ন’। এই প্রতিপাদ্যের আলোকে অন্তর্ভুক্তিমূলক শাসনব্যবস্থা, জনগণের অংশগ্রহণ, পারস্পরিক আস্থা এবং বিভিন্ন সম্প্রদায়ের ক্ষমতায়নের বিষয়গুলো গুরুত্ব পাবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

সম্মেলনের শেষ দিন ৯ অক্টোবর আইপিইউর গভর্নিং কাউন্সিলের বৈঠকে সংস্থাটির নতুন সভাপতি নির্বাচন করা হবে। এ নির্বাচনের মধ্য দিয়ে আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে আইপিইউর পরবর্তী নেতৃত্ব নির্ধারিত হবে।

বিজ্ঞাপন

স্পিকারের এ সফর আন্তর্জাতিক সংসদীয় কার্যক্রমে বাংলাদেশের প্রতিনিধিত্ব এবং বিভিন্ন দেশের আইনপ্রণেতাদের সঙ্গে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD