Logo

আমিষের ঘাটতি পূরণে মুক্ত জলাশয়ে মাছ চাষ জরুরি: স্পিকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:৫৭
আমিষের ঘাটতি পূরণে মুক্ত জলাশয়ে মাছ চাষ জরুরি: স্পিকার
ছবি: সংগৃহীত

দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে মুক্ত ও বদ্ধ জলাশয়ে মাছ চাষ আরও বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বিজ্ঞাপন

সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের লেকে পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

স্পিকার বলেন, দেশের মানুষের আমিষের ঘাটতি পূরণে মুক্ত ও বদ্ধ জলাশয়ে মৎস্য চাষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে সারা দেশে মৎস্য চাষ সম্প্রসারণের ধারাবাহিকতায় সংসদ ভবন লেকেও পর্যায়ক্রমে পোনা মাছ অবমুক্ত করা হচ্ছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ও বঙ্গোপসাগরীয় এলাকা মৎস্য উৎপাদন ও আহরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংসদ ভবন লেকে মাছ চাষের মাধ্যমে গ্রামাঞ্চলের মানুষও মৎস্যসম্পদ উৎপাদনে উৎসাহিত হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।

আরও পড়ুন

বিজ্ঞাপন

চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে মাছ ও মাংসের উৎপাদন বাড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছেন। তিনি বলেন, ‘আমাদের সন্তান থাকুক দুধে-ভাতে এবং মাছে-ভাতে বাঙালি বাস্তবায়নে দেশের সব আনাচে-কানাচে মৎস্য উৎপাদন বৃদ্ধি করতে হবে।’

সংসদ ভবন লেকে মোট ১ হাজার ২০০ কেজি পোনা মাছ অবমুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে সোমবার রুই, মৃগেল, কাতলা ও কালিবাউশ প্রজাতির ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD