Logo

মন্টেনিগ্রোতে দক্ষ জনশক্তি নিতে বাংলাদেশের অনুরোধ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ অক্টোবর, ২০২৬, ১৬:৩০
মন্টেনিগ্রোতে দক্ষ জনশক্তি নিতে বাংলাদেশের অনুরোধ
ছবি: সংগৃহীত

মন্টেনিগ্রোতে দক্ষ জনশক্তি পাঠাতে দেশটির সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। দেশটিতে বছরে ৫০ হাজারের বেশি কর্মীর প্রয়োজন হওয়ায় এই সুযোগ কাজে লাগাতে চায় বাংলাদেশ।

বিজ্ঞাপন

সোমবার (৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মন্টেনিগ্রোর পার্লামেন্ট সদস্য গর্ডান স্টোজোভিচ। এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পর্যটন, নির্মাণ, আতিথেয়তা ও স্বাস্থ্যসেবা খাতে সরকারি পর্যায়ে (জি-টু-জি) কর্মী নিয়োগ, সহজতর ওয়ার্ক পারমিট ব্যবস্থা এবং শ্রম অভিবাসনসংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনা করেন উভয় পক্ষ।

বৈঠকে সংসদীয় কূটনীতি জোরদার, প্রতিনিধিদলের সফর বিনিময় এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে ‘বাংলাদেশ-মন্টেনিগ্রো সংসদীয় মৈত্রী গ্রুপ’ গঠনের বিষয়েও আলোচনা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

দ্বিপক্ষীয় বাণিজ্য বহুমুখী ও সম্প্রসারণের ওপরও গুরুত্ব দেওয়া হয়। তৈরি পোশাকের পাশাপাশি বাংলাদেশের ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, সিরামিক এবং পাট ও পাটজাত পণ্য আমদানিতে আগ্রহ প্রকাশ করে মন্টেনিগ্রো।

অন্যদিকে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। কৃষি, কৃষি-খাদ্য প্রক্রিয়াজাতকরণ, সামুদ্রিক খাদ্য, পরিবেশবান্ধব পর্যটন, তৈরি পোশাক, নবায়নযোগ্য জ্বালানি ও বর্জ্য ব্যবস্থাপনা খাতে বিনিয়োগের সম্ভাবনার কথা জানান তিনি।

মন্টেনিগ্রো নবায়নযোগ্য জ্বালানি ও পর্যটন খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতায় আগ্রহ প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

এ ছাড়া শিক্ষা, নারীর ক্ষমতায়ন, ক্রীড়া ও সংস্কৃতি, কর্মসংস্থান, অভিবাসন, ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় পারস্পরিক সহযোগিতা নিয়েও বৈঠকে আলোচনা হয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD