Logo

৪৯তম বিসিএস : অবশেষে গেজেটে স্থান পেলেন কৃষকের ছেলে

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ অক্টোবর, ২০২৬, ২১:৩৬
৪৯তম বিসিএস : অবশেষে গেজেটে স্থান পেলেন কৃষকের ছেলে
ছবি: সংগৃহীত

৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষায় সাধারণ শিক্ষা ক্যাডারের ইতিহাস বিভাগে মেধাক্রমে প্রথম হওয়া মো. সোহেল রানাকে অবশেষে গেজেটভুক্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। দীর্ঘ অপেক্ষা ও অনিশ্চয়তার পর নিয়োগের প্রজ্ঞাপনে তার নাম অন্তর্ভুক্ত হওয়ায় নীলফামারীর কৃষক পরিবারের সদস্যদের মধ্যে আনন্দ ফিরে এসেছে।

বিজ্ঞাপন

সোমবার (৫ অক্টোবর) ৪৯তম বিসিএসে বাদ পড়া প্রার্থীদের মধ্যে সংশ্লিষ্টদের নিয়োগসংক্রান্ত সম্পূরক প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সোহেল রানার নামও রয়েছে।

নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের কুখাপাড়া গ্রামের কৃষক আবু হোসেনের ছেলে সোহেল। তাকে ঘিরেই পরিবারের অনেক স্বপ্ন ছিল। তবে ৪৯তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফলাফলে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়ার পরও ভেরিফিকেশনের পর্যায়ে অজ্ঞাত কারণে তিনি বাদ পড়েন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

গত ৩০ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় ৪৯তম বিশেষ বিসিএসের মাধ্যমে সাধারণ শিক্ষা ক্যাডারে ৬১১ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। পিএসসির চূড়ান্ত ফলে মনোনীত ৬৬৮ জনের মধ্যে ৫৭ জনের নাম ওই গেজেটে ছিল না। তাদের একজন ছিলেন ইতিহাস বিষয়ে মেধাক্রমে প্রথম হওয়া সোহেল রানা।

গেজেটে নিজের নাম না থাকায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছিলেন সোহেল ও তার পরিবারের সদস্যরা। বিষয়টি নিয়ে গণমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়। পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্পূরক গেজেটে তার নাম অন্তর্ভুক্ত হওয়ায় দীর্ঘ অপেক্ষার অবসান ঘটে।

বিজ্ঞাপন

সোহেলের শিক্ষাজীবনও ছিল কৃতিত্বপূর্ণ। সোনারায় সংগলশী উচ্চ বিদ্যালয় থেকে ২০১৪ সালে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ অর্জন করেন তিনি। ২০১৬ সালে রংপুরের কারমাইকেল কলেজ থেকে এইচএসসিতে জিপিএ-৪.৯২ পান। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে ভর্তি হন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

২০২০ সালে সিজিপিএ ৩.৫৪ নিয়ে স্নাতক (সম্মান) এবং ২০২১ সালে সিজিপিএ ৩.৫৬ নিয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে ৪৯তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফলে ইতিহাস বিষয়ে মেধাক্রমে প্রথম স্থান অর্জন করেন।

গেজেটে নাম অন্তর্ভুক্ত হওয়ার পর নিজের অনুভূতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন সোহেল রানা। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমার মনের সর্বোচ্চ যে চাওয়া, সেটি পূর্ণ হয়েছে। সবার প্রতি কৃতজ্ঞতা। সবাই আমার জন্য দোয়া করবেন।’

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD