Logo

আধুনিক প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে আনসার-ভিডিপির নতুন উদ্যোগ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ অক্টোবর, ২০২৬, ১৯:০৪
আধুনিক প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে আনসার-ভিডিপির নতুন উদ্যোগ
ছবি প্রতিনিধি।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণের গুণগত মান বৃদ্ধি, সাংগঠনিক কার্যক্রমে সমন্বয় ও শৃঙ্খলা নিশ্চিত করা এবং আধুনিক প্রশিক্ষণ অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে গাজীপুরের সফিপুরে আনসার-ভিডিপি একাডেমি পরিদর্শন করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

বিজ্ঞাপন

শনিবার (১৭ অক্টোবর) পরিদর্শনকালে তিনি একাডেমিতে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ ছাড়া ২৮তম রিক্রুট সিপাহি (পুরুষ) ব্যাচের প্রশিক্ষণার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন, নবনির্মিত সিমুলেটর ফায়ারিং রেঞ্জ উদ্বোধন করেন এবং বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম ও চলমান উন্নয়ন প্রকল্প ঘুরে দেখেন।

একাডেমির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে মহাপরিচালক সাংগঠনিক সমন্বয়, দায়িত্ব পালনে অভিন্ন মানদণ্ড অনুসরণ, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

পরে ২৮তম রিক্রুট সিপাহি (পুরুষ) ব্যাচের প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বক্তব্যে তিনি বাহিনীর সাংগঠনিক কাঠামো, লক্ষ্য এবং জননিরাপত্তায় ভূমিকা তুলে ধরেন। ব্যাটালিয়ন আনসার, সাধারণ আনসার, অঙ্গীভূত আনসার, ভিডিপি ও টিডিপির কার্যক্রম এবং এসব শাখার মধ্যে পারস্পরিক সমন্বয়ের গুরুত্ব ব্যাখ্যা করেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে মহাপরিচালক দেশপ্রেম, সততা ও শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি পেশাগত দক্ষতা অর্জনের মাধ্যমে দেশ ও জনগণের সেবায় আত্মনিয়োগের আহ্বান জানান।

একাডেমির কারিগরি, কুটিরশিল্প ও পেশাভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনের সময় মহাপরিচালক হস্ত ও কারুশিল্পের বিভিন্ন প্রকল্পের প্রশিক্ষণ এবং উৎপাদন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ ছাড়া আতিথেয়তা ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্সের আওতায় থাই-চাইনিজ, বাঙালি ও ভারতীয় খাবার প্রস্তুত, কফি ও জুস তৈরি এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রশিক্ষণ কার্যক্রম ঘুরে দেখেন।

বিজ্ঞাপন

এ সময় তিনি প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের নিয়মিত অনুশীলন এবং হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে বাস্তবমুখী ও আয়বর্ধক দক্ষতা অর্জনের নির্দেশনা দেন। অর্জিত জ্ঞান অন্যদের মধ্যে ছড়িয়ে দিয়ে দক্ষ জনবল গড়ে তুলতেও তিনি গুরুত্বারোপ করেন।

মহাপরিচালক একাডেমিতে নবনির্মিত সিমুলেটর ফায়ারিং রেঞ্জ উদ্বোধন করেন। পাশাপাশি ১০০ মিটার ফায়ারিং রেঞ্জ ও ফায়ারিং প্রশিক্ষণের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ ছাড়া ড্রাইভিং সিমুলেটর পরিদর্শন করে আধুনিক প্রযুক্তিনির্ভর ও বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে সদস্যদের পেশাগত দক্ষতা, নিরাপদ অনুশীলন এবং কার্যক্রম পরিচালনার প্রস্তুতি বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

প্রযুক্তি ও জ্বালানি ব্যবস্থাপনা পরিদর্শনের অংশ হিসেবে তিনি সৌরবিদ্যুতের মাধ্যমে একাডেমির বিভিন্ন চলমান প্রশিক্ষণ কার্যক্রমে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। পাশাপাশি একাডেমির কর্মীদের আবাসিক বাসস্থান, নির্মাণাধীন মসজিদ কমপ্লেক্স এবং অরণ্য রিসোর্ট পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

এ সময় মহাপরিচালক প্রশিক্ষণ অবকাঠামোর আধুনিকায়ন, বিকল্প জ্বালানির কার্যকর ব্যবহার, আবাসনসুবিধার উন্নয়ন এবং প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের জন্য উন্নত ও প্রশিক্ষণবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের জননিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, দুর্যোগ মোকাবিলা এবং আর্থসামাজিক উন্নয়নে প্রশিক্ষিত, দক্ষ ও দায়িত্বশীল জনবল গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। মহাপরিচালকের এ পরিদর্শন ও দিকনির্দেশনার মাধ্যমে বাহিনীর প্রশিক্ষণব্যবস্থার আধুনিকায়ন, সাংগঠনিক সমন্বয় জোরদার, কারিগরি ও পেশাভিত্তিক দক্ষতা বৃদ্ধি এবং দেশ ও জনগণের সেবায় সদস্যদের পেশাগত সক্ষমতা উন্নয়নের উদ্যোগ আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD