১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটকদের মানতে হবে যেসব নিয়ম

আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। আগামী ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত দ্বীপটিতে প্রতিদিন সর্বোচ্চ ৩ হাজার ৫০০ পর্যটক ভ্রমণ করতে পারবেন। এ সময় প্রত্যেক পর্যটককে দিতে হবে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি।
বিজ্ঞাপন
রবিবার (২৫ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিবেশ-২ শাখা থেকে জারি করা এক চিঠিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
চিঠি অনুযায়ী, পরিবেশগতভাবে সংকটাপন্ন সেন্টমার্টিনে পর্যটকদের যাতায়াত নিয়ন্ত্রণে গত ১২ অক্টোবর আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সভাপতিত্বে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত ওই সভায় দ্বীপের পর্যটন ব্যবস্থাপনা নিয়ে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সিদ্ধান্তে বলা হয়েছে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং নৌপরিবহন অধিদপ্তর সেন্টমার্টিনে নৌযান চলাচলের অনুমতি দিতে পারবে না।
বিজ্ঞাপন
তবে কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে অনুমোদিত পর্যটকবাহী জাহাজ চলাচল অব্যাহত থাকবে। দ্বীপে যাওয়া পর্যটকদের কাছ থেকে পরিবেশ সংরক্ষণ ফি আদায়ের জন্য পরিবেশ অধিদপ্তরকে ‘ইসিএ ব্যবস্থাপনা বিধিমালা, ২০১৬’-এর ২৬ নম্বর বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এ ছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ২০২৫ সালের ২২ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনের নির্দেশনাগুলোও বহাল থাকবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
সেন্টমার্টিনে পর্যটকদের যাতায়াতসংক্রান্ত সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়, পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ পর্যটন করপোরেশন, নৌপরিবহন অধিদপ্তর, বিআইডব্লিউটিএ, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং কক্সবাজার জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে চিঠি পাঠানো হয়েছে।








