Logo

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে পরিবর্তন, মানতে হবে নতুন নিয়ম

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ নভেম্বর, ২০২৬, ১২:২৫
মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে পরিবর্তন, মানতে হবে নতুন নিয়ম
ছবি: সংগৃহীত

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট প্রদর্শনের পদ্ধতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। নতুন বিধিমালা অনুযায়ী, এখন থেকে মোটরসাইকেলের সামনের অংশে রেজিস্ট্রেশন নম্বর এক লাইনে বা আনুভূমিকভাবে লেখার অনুমতি দিতে পারবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। পাশাপাশি মোটরসাইকেলের নকশার সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন মাপের নম্বরপ্লেট ব্যবহারের সুযোগও রাখা হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (১ নভেম্বর) প্রকাশিত বাংলাদেশ গেজেটে এ সংক্রান্ত সংশোধিত বিধিমালা প্রকাশ করা হয়। এর আগে গত ২৮ অক্টোবর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন উপসচিব আল-আমীন মো. নুরুল ইসলাম।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১২২ ধারায় দেওয়া ক্ষমতাবলে সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ৩৬ বিধিতে সংশোধনী আনা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

নতুন সংশোধনীতে মোটরসাইকেলের সামনের রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের ক্ষেত্রে আগের পদ্ধতির পাশাপাশি এক লাইনে নম্বর লেখার অনুমোদন দেওয়ার ক্ষমতা পেয়েছে বিআরটিএ। অর্থাৎ মোটরসাইকেলের সামনের অংশে নম্বর উল্লম্বভাবে না লিখে আনুভূমিকভাবে প্রদর্শনের সুযোগ তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া মোটরসাইকেলের কাঠামো ও নকশা বিবেচনায় নিয়ে সামনের নম্বরপ্লেটের দৈর্ঘ্য ও প্রস্থে ভিন্নতা রাখার অনুমতিও দিতে পারবে কর্তৃপক্ষ। এ ক্ষেত্রে বিপরীতমুখী রেট্রো-রিফ্লেক্টিভ প্লেট ব্যবহারের বিধান রাখা হয়েছে।

সংশোধিত নিয়মে নম্বরপ্লেটের বিভিন্ন কারিগরি বৈশিষ্ট্য নির্ধারণের দায়িত্বও বিআরটিএর ওপর দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে নম্বরের অক্ষরের উচ্চতা, জেলা বা অঞ্চলের নাম বোঝাতে ব্যবহৃত অক্ষরের আকার, যানবাহনের শ্রেণি নির্দেশক অক্ষরের উচ্চতা, প্লেটের ওপরের অংশের ফাঁকা জায়গা এবং সংখ্যাগুলোর মধ্যবর্তী দূরত্ব।

আরও পড়ুন

বিজ্ঞাপন

একই লাইনে রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের ক্ষেত্রে জেলা বা অঞ্চলের নাম এবং যানবাহনের শ্রেণি নির্দেশক অক্ষরের পর নির্দিষ্ট দৈর্ঘ্যের হাইফেন ব্যবহারের ব্যবস্থাও রাখা হয়েছে। ফলে নম্বরপ্লেটের বিন্যাস নির্ধারণে আরও নমনীয়তা পাবে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

এ ছাড়া সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ৩৬ বিধির উপবিধি (১০) থেকে ‘মোটরসাইকেল এবং’ শব্দ দুটি বাদ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

সরকারের জারি করা সংশোধিত বিধিমালাটি অবিলম্বে কার্যকর হয়েছে। এর ফলে মোটরসাইকেলের নকশা ও সামনের অংশের কাঠামো অনুযায়ী নম্বরপ্লেটের বিন্যাস, আকার এবং অক্ষরের বিভিন্ন বৈশিষ্ট্য নির্ধারণ করে অনুমোদন দিতে পারবে বিআরটিএ। তবে নতুন নিয়মে নম্বরপ্লেট প্রদর্শনের ক্ষেত্রে কর্তৃপক্ষের নির্ধারিত কারিগরি নির্দেশনা অনুসরণ করতে হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD