Logo

কিলোমিটার হিসাবেই নির্ধারিত হবে ব্যাটারিচালিত অটোরিকশার ভাড়া

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ নভেম্বর, ২০২৬, ১৯:২৪
কিলোমিটার হিসাবেই নির্ধারিত হবে ব্যাটারিচালিত অটোরিকশার ভাড়া
ছবি : জনবাণী গ্রাফিক্স

ব্যাটারিচালিত অটোরিকশার ভাড়া নির্ধারণে নতুন পদ্ধতি চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এখন থেকে যাত্রীদের কাছ থেকে কিলোমিটার অনুযায়ী ভাড়া নেওয়ার ব্যবস্থা করা হবে। এ ক্ষেত্রে ভাড়ার পরিমাণ নির্ধারণে ই-রিকশার মালিকপক্ষ, ট্রাফিক বিভাগ ও সংশ্লিষ্ট সিটি করপোরেশন যৌথভাবে সিদ্ধান্ত নেবে। ভাড়া সাধারণ মানুষের সামর্থ্যের মধ্যে রাখার বিষয়টিও গুরুত্ব পাবে।

বিজ্ঞাপন

রবিবার (১ নভেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা বা ই-রিকশা চলাচল নিয়ন্ত্রণে নতুন বিধিমালা প্রণয়ন উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী জানান, নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হওয়ার পর ই-রিকশার মালিকপক্ষ, ট্রাফিক বিভাগ এবং সিটি করপোরেশনের প্রতিনিধিরা আলোচনায় বসে কিলোমিটারপ্রতি ভাড়া নির্ধারণ করবেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা চার্জিং ই-রিকশাগুলো নিবন্ধন দেওয়ার পরে মালিক পক্ষ, যারা ই-রিকশার মালিক, ট্রাফিক বিভাগ এবং সিটি করপোরেশন তিনটি স্টক হোল্ডার যৌথভাবে বসে কিলোমিটার প্রতি কী ভাড়া হবে, তারা নির্ধারণ করে দেবে, অবশ্যই যৌক্তিক হবে এবং সাধারণ মানুষের সে সক্ষমতার মধ্যেই থাকবে ইনশাআল্লাহ।’

নতুন বিধিমালার আওতায় প্রাথমিকভাবে দেশের ১৩টি সিটি করপোরেশনে ই-রিকশা চলাচল ও নিবন্ধন কার্যক্রম পরিচালিত হবে। তবে পৌরসভা এলাকায় এসব যানবাহন নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট পৌরসভা আইন সংশোধন করতে হবে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পৌরসভাগুলোর জন্যও পৃথক বিধিমালা তৈরি করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।

বিজ্ঞাপন

আইনগত ভিত্তি তুলে ধরে মীর শাহে আলম বলেন, ‘সিটি করপোরেশন আইন, ২০০৯’-এর ২০২৬ সালের সংশোধিত আইনের ১২০ ধারায় ই-রিকশা নিবন্ধনের বিধান যুক্ত করা হয়েছে। জাতীয় সংসদে সংশোধিত আইন পাসের পর এর ভিত্তিতে নতুন বিধিমালা তৈরি করা হয়। আইন মন্ত্রণালয়ের ভেটিং সম্পন্ন হওয়ার পর সেটি সরকারি গেজেটে প্রকাশ করা হয়েছে। ফলে ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু করতে এখন আর কোনো আইনি জটিলতা নেই।

তিনি আরও জানান, প্রথম পর্যায়ে দেশের ১৩টি সিটি করপোরেশন নিবন্ধন কার্যক্রম শুরু করবে। এরপর ধাপে ধাপে সব ই-রিকশাকে নিবন্ধন ও নিয়ন্ত্রণের আওতায় আনা হবে। গত ১৫ থেকে ৩০ বছর ধরে এসব যানবাহন কার্যকর ব্যবস্থাপনার বাইরে ছিল। নতুন আইনের মাধ্যমে প্রথমবারের মতো সেগুলোকে একটি নিয়মতান্ত্রিক কাঠামোর মধ্যে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে পুরো ব্যবস্থাপনা কার্যকর করতে কিছুটা সময় লাগবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

নতুন বিধিমালায় ই-রিকশার নিবন্ধন ও নবায়ন ফিও নির্ধারণ করা হয়েছে। দুই যাত্রী বহনের উপযোগী ই-রিকশার প্রাথমিক নিবন্ধন ফি আট হাজার টাকা। এক বছর পর ফিটনেস পরীক্ষা করে নবায়নের জন্য দিতে হবে চার হাজার টাকা।

অন্যদিকে, চার যাত্রী বহন করতে সক্ষম ই-রিকশার নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা। এক বছর পর ফিটনেস যাচাই শেষে নবায়ন করতে খরচ হবে পাঁচ হাজার টাকা। নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে এসব ই-রিকশা সর্বোচ্চ ১২ বছর পর্যন্ত চলাচলের সুযোগ পাবে।

বিজ্ঞাপন

এ ছাড়া নিবন্ধিত ই-রিকশার ফিটনেস সনদ যাচাই সহজ করতে কিউআর কোডযুক্ত সার্টিফিকেট দেওয়া হবে। সিটি করপোরেশনের মাধ্যমে সরবরাহ করা এই সনদের জন্য এক হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

নতুন বিধিমালার মাধ্যমে ই-রিকশার নিবন্ধন, ফিটনেস, নবায়ন এবং ভাড়া নির্ধারণে শৃঙ্খলা প্রতিষ্ঠার পাশাপাশি নগর পরিবহন ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ বাড়বে বলে আশা করছে সরকার।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD