গোপনে জবাই করে ঘোড়ার মাংস বিক্রি, ৯টি ঘোড়া উদ্ধারসহ আটক ৫

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গোপনে ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) ভোরে উপজেলার খলিশাজানি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। একই সময় একটি ট্রাক থেকে ৯টি জীবিত ঘোড়া উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর থানা পুলিশ স্থানীয় বাসিন্দাদের সহায়তায় সরকারি বনসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ঘটনাস্থল থেকে সন্দেহভাজন পাঁচজনকে আটক করা হয়। পাশাপাশি একটি ট্রাকে রাখা ৯টি ঘোড়া উদ্ধার করা হয়, যেগুলো জবাইয়ের উদ্দেশ্যে আনা হয়েছিল বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
আটক ব্যক্তিরা হলেন— শ্রীপুর উপজেলার চকপাড়া গ্রামের আশরাফুল ইসলাম (২৯), কালিয়াকৈরের রামচন্দ্রপুর এলাকার মুন্না মিয়া (২৩), গাজীপুর মহানগরের এরশাদ নগর এলাকার সাজ্জাদ হোসেন (২৬), শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া গ্রামের মাহমুদ মাঝি (৩৯) এবং ঢাকার জিনজিরা থানার বন্ডাকপাড়া এলাকার আবুল পাটোয়ারী (৪৬)।
বিজ্ঞাপন
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি চক্র দীর্ঘদিন ধরে গোপনে ঘোড়া জবাই করে মাংস বাজারজাত করার সঙ্গে জড়িত থাকতে পারে। উদ্ধার হওয়া ঘোড়াগুলো জীবিত অবস্থায় থাকায় সেগুলোকে নিরাপদ স্থানে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।








