Logo

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ : দুই গেটম্যানের বিরুদ্ধে মামলা

profile picture
জেলা প্রতিনিধি
কুমিল্লা
২৩ মার্চ, ২০২৬, ১৯:০৪
কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ : দুই গেটম্যানের বিরুদ্ধে মামলা
ছবি: সংগৃহীত

কুমিল্লায় ভয়াবহ ট্রেন-বাস দুর্ঘটনায় হতাহতের ঘটনার পর দায় নির্ধারণে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ঘটনায় রেলক্রসিংয়ের দায়িত্বে থাকা দুই গেটম্যানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২৩ মার্চ) লাকসাম রেলওয়ে থানায় মামলাটি করেন দুর্ঘটনায় নিহত সোহেল রানার খালা শেফালী আক্তার। মামলায় পদুয়ার বাজার রেলক্রসিংয়ের গেটম্যান হেলাল উদ্দিন ও মেহেদী হাসানকে আসামি করা হয়েছে।

লাকসাম রেলওয়ে থানা (জিআরপি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে, তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

বিজ্ঞাপন

এর আগে ঘটনার পরপরই অভিযুক্ত দুই গেটম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট স্টেশন মাস্টারের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

উল্লেখ্য, গত শনিবার (২১ মার্চ) রাতে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী ‘মামুন পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘ঢাকা মেইল’ ট্রেন ধাক্কা দিলে ঘটনাস্থলেই ১২ জন নিহত হন এবং অন্তত ২৪ জন আহত হন।

আহতদের দ্রুত উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তিনটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই মর্মান্তিক দুর্ঘটনার পর রেলক্রসিং নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের দাবি, ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে কার্যকর ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD