Logo

জাবেদ-রুকমিলার যুক্তরাষ্ট্রে থাকা সম্পদের তথ্য পাঠাল এফবিআই

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:৫৫
জাবেদ-রুকমিলার যুক্তরাষ্ট্রে থাকা সম্পদের তথ্য পাঠাল এফবিআই
ছবি: সংগৃহীত

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুকমিলা জামানের যুক্তরাষ্ট্রে থাকা স্থাবর-অস্থাবর সম্পদের বিস্তারিত তথ্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে পাঠিয়েছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।

বিজ্ঞাপন

সোমবার (৭ সেপ্টেম্বর) দুদকের মুখপাত্র আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

দুদক সূত্রে জানা যায়, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও রুকমিলা জামানের যুক্তরাষ্ট্রে থাকা ব্যাংক হিসাব, ব্যবসা ও সম্পত্তির রেকর্ড সংগ্রহের পাশাপাশি কথিত অপরাধলব্ধ সম্পদ জব্দ ও বাজেয়াপ্তের বিষয়ে বাংলাদেশ থেকে পারস্পরিক আইনি সহায়তা বা এমএলএআর পাঠানো হয়েছিল।

এ জন্য যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কর্তৃপক্ষের অধীন অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সহযোগিতা চাওয়া হয়। বাংলাদেশের ওই আবেদনের পরিপ্রেক্ষিতে এফবিআই তদন্তসংশ্লিষ্ট নথি ও সম্পদের তথ্য পাঠিয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

আকতারুল ইসলাম বলেন, দুদকের আবেদনের ভিত্তিতে এফবিআই জাবেদ ও তার স্ত্রীর যুক্তরাষ্ট্রে থাকা সম্পদসংক্রান্ত বিস্তারিত নথি ও তথ্য সরবরাহ করেছে।

বিজ্ঞাপন

জাবেদের বিরুদ্ধে দুই ডজনের বেশি মামলা

ব্যাংক ঋণ জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগে সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিরুদ্ধে দুই ডজনেরও বেশি মামলা করেছে দুদক।

মামলাগুলোর অভিযোগে বলা হয়েছে, ভুয়া কোম্পানির নাম ব্যবহার করে ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়। পরে ওই অর্থ বিভিন্ন ব্যাংক হিসাবে স্থানান্তরের মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

জাবেদ ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এরপর ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত তিনি একই মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে তার বিরুদ্ধে বিদেশে বিপুল পরিমাণ সম্পদ গড়ে তোলার অভিযোগ প্রকাশ্যে আসে।

নাসিমের মামলার সঙ্গে নতুন অভিযোগ যুক্ত করার সুপারিশ

এদিকে ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বিরুদ্ধে থাকা অভিযোগের তদন্তও এগিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে দুদক।

বিজ্ঞাপন

ক্ষমতার অপব্যবহার করে জমি দখল, নিয়োগ ও দলীয় পদ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের অভিযোগে তাঁর বিরুদ্ধে চলমান তদন্তের সঙ্গে নতুন অভিযোগটি যুক্ত করার সুপারিশ করেছে কমিশন।

দুদকের মুখপাত্র আকতারুল ইসলাম জানান, নাসিমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎ, বিদেশে পাচার এবং নিজের ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

এসব অভিযোগের তদন্ত এগিয়ে নিতে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, নোয়াখালীতে চলমান মামলার সঙ্গে অভিযোগটি সংযুক্ত করার সুপারিশ করা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

এর আগে গত বছরের ২০ মার্চ অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ও তার স্ত্রী ডা. জাহানারা আরজুর বিরুদ্ধে মামলা করে দুদক।

বিজ্ঞাপন

আইল অব ম্যানের তথ্যও পেয়েছে দুদক

অন্যদিকে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, নাসরিন ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের এবং ওয়ান প্রোপার্টি লিমিটেডের বিষয়ে আইল অব ম্যান কর্তৃপক্ষের কাছে পাঠানো এমএলএআরের আওতায় চাওয়া কার্যক্রম সম্পন্ন হয়েছে।

দুদকের উপপরিচালক জানান, সংশ্লিষ্ট এমএলএআর পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হয়েছে। একই সঙ্গে আইল অব ম্যানের কর্তৃপক্ষ অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পদ ফ্রিজ করার তথ্যও জানিয়েছে।

বিজ্ঞাপন

বিদেশে পাচার হওয়া অর্থ ও গোপন সম্পদের সন্ধান বের করতে আন্তর্জাতিক সহযোগিতার অংশ হিসেবে এসব এমএলআরের অনুরোধ পাঠানো হয়েছিল। সংশ্লিষ্ট দেশ ও কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া নথি ও তথ্য পর্যালোচনার পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে দুদক।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD