Logo

স্ত্রীসহ সাবেক এসএসএফ ডিজির বিরুদ্ধে ১০ কোটি টাকার মামলার সিদ্ধান্ত

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:৫১
স্ত্রীসহ সাবেক এসএসএফ ডিজির বিরুদ্ধে ১০ কোটি টাকার মামলার সিদ্ধান্ত
ছবি: সংগৃহীত

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. মজিবুর রহমান ও তার স্ত্রী তাসরীন মুজিবের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুই মামলায় অভিযোগ করা সম্পদের মোট মূল্য ১০ কোটি ২৩ লাখ ১৫ হাজার ৪৪৫ টাকা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম মামলা দুটির অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেন।

মজিবুরের নামে ২ কোটি ৭১ লাখের সম্পদ

দুদকের অনুসন্ধান অনুযায়ী, সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জনের অভিযোগে মজিবুর রহমানের বিরুদ্ধে অনুসন্ধান চালানো হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

অনুসন্ধানে তার নামে ২ কোটি ৭১ লাখ ৬ হাজার ২৫২ টাকা মূল্যের এমন সম্পদের তথ্য পাওয়া গেছে, যা তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলে জানিয়েছে দুদক।

বিজ্ঞাপন

কমিশনের অভিযোগ, এসব সম্পদের মালিকানা তিনি অসাধু উপায়ে অর্জন করে ভোগদখলে রেখেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে।

স্ত্রীর নামে ৭ কোটি ৫২ লাখ

দ্বিতীয় মামলায় মজিবুর রহমানের সঙ্গে তার স্ত্রী তাসরীন মুজিবকেও আসামি করা হচ্ছে। দুদকের অনুসন্ধানে তাসরীন মুজিবের নামে ৭ কোটি ৫২ লাখ ৯ হাজার ১৯৩ টাকা মূল্যের সম্পদের তথ্য পাওয়া গেছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

দুদকের ভাষ্য অনুযায়ী, এসব সম্পদের মূল্য তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। কমিশনের অনুসন্ধানে অভিযোগ করা হয়েছে, স্বামীর সহায়তায় অসাধু উপায়ে সম্পদ অর্জন করে তাসরীন মুজিব তা ভোগদখলে রেখেছেন।

বিজ্ঞাপন

এই মামলায় দুজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, দণ্ডবিধির ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা করার অনুমোদন দিয়েছে দুদক।

দুদকের অনুমোদনের পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়েরের পরবর্তী প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। তবে অনুসন্ধানে পাওয়া অভিযোগগুলো এখনো আদালতে প্রমাণিত হয়নি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD