সোনার পেস্ট ও ৩৫ গয়না নিয়ে শাহ আমানতে যাত্রী আটক

ব্যাগের ভেতরে স্কচটেপে মোড়ানো সোনার পেস্ট এবং প্যান্টের পকেটে ৩৫টি স্বর্ণালংকার। সোনা লুকিয়ে মাসকাট থেকে চট্টগ্রামে আসার অভিযোগে এক যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
বিজ্ঞাপন
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাসকাট থেকে আসা সালামএয়ারের একটি ফ্লাইটে অভিযান চালিয়ে এসব সোনা উদ্ধার করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, সালামএয়ারের ওই ফ্লাইটে আসা যাত্রী মোহাম্মদ হাসান মুরাদ বিমানবন্দরে নামার পর তার ব্যাগেজ ও দেহ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগের ভেতরে বিশেষ কৌশলে স্কচটেপ দিয়ে মোড়ানো পেস্টসদৃশ একটি পদার্থ পাওয়া যায়।
পরে সোনা কারিগরের মাধ্যমে পেস্টটি প্রক্রিয়াজাত করা হলে সেখান থেকে ৪২৫ গ্রাম ওজনের ২৪ ক্যারেটের সোনারপিণ্ড পাওয়া যায়।
এরপর যাত্রীর শরীর তল্লাশি করে প্যান্টের পকেট থেকে আরও ১০৬ গ্রাম ওজনের ৩৫টি বিভিন্ন ধরনের স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের তথ্য অনুযায়ী, পেস্ট থেকে পাওয়া সোনারপিণ্ড ও স্বর্ণালংকার মিলিয়ে মোট ৫৩১ গ্রাম সোনা উদ্ধার হয়েছে। শুল্ক-করসহ জব্দ করা সোনার আনুমানিক মূল্য ১ কোটি ৪১ হাজার ৫৫৫ টাকা।
বিজ্ঞাপন
কাস্টমস গোয়েন্দা কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষ কৌশলে সোনা লুকিয়ে দেশে আনার অভিযোগে আটক যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা দায়েরের আইনগত প্রক্রিয়া চলছে।








