কাপ্তাইয়ে ২৮ লাখ ৪৫ হাজার টাকাসহ দুইজন আটক

রাঙ্গামাটির কাপ্তাইয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৮ লাখ ৪৫ হাজার টাকা ও একটি সিএনজি অটোরিকশাসহ দুইজনকে আটক করেছে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)। এ সময় তাঁদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, দুটি সিম কার্ড ও আরও ২ হাজার ৯৬০ টাকা জব্দ করা হয়।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টা ৫ মিনিটে কাপ্তাই ব্যাটালিয়নের ১ নম্বর জিপি গেইট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন কাপ্তাইয়ের ব্যাঙছড়ি এলাকার নিঠু মারমা (৩৩) এবং একই জেলার নাও ভাঙা এলাকার সুপ্রিয় চাকমা (২০)।
বিজিবি জানায়, অভিযানে নগদ ২৮ লাখ ৪৫ হাজার টাকা ছাড়াও চট্টগ্রাম-থ-১৫-১৭৬৪ নম্বরের একটি সিএনজি অটোরিকশা, দুটি মোবাইল ফোন ও দুটি সিম কার্ড জব্দ করা হয়েছে। এ ছাড়া আটক ব্যক্তিদের কাছ থেকে আরও ২ হাজার ৯৬০ টাকা উদ্ধার করা হয়। জব্দ করা অর্থ, সিএনজি ও অন্যান্য মালামালের মোট মূল্য প্রায় ৩৪ লাখ ৭০ হাজার ৩৬০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাওসার মেহেদীর দিকনির্দেশনায় এবং হাবিলদার মো. এখলাছ উদ্দিনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
আটক দুই ব্যক্তি, জব্দ করা অর্থ ও মালামাল কাপ্তাই থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
বিজ্ঞাপন
৪১ বিজিবির অধিনায়ক বলেন, দেশের স্বার্থ ও জননিরাপত্তার জন্য চোরাচালান, মাদক এবং সীমান্ত অপরাধ দমনে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।








