Logo

জমি বিরোধে হামলার শিকার সালমানের স্টুডিও, আটক ৩

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৩:২৮
জমি বিরোধে হামলার শিকার সালমানের স্টুডিও, আটক ৩
ছবি: সংগৃহীত

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় নতুন তথ্য দিয়েছে পুলিশ। পুলিশের দাবি, পাশের জমির মালিক ও নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের মধ্যে জমি নিয়ে বিরোধের জেরেই হামলার ঘটনা ঘটে। সালমান মুক্তাদিরের স্টুডিও হামলাকারীদের মূল লক্ষ্য ছিল না বলেও জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ডিএমপির গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনের সহকারী পুলিশ কমিশনার নাজমুল হক এসব তথ্য জানান। তিনি বলেন, ওই জমি বিরোধের মধ্যে পড়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা হয়েছে।

তাঁর দাবি, ঘটনাটিতে চাঁদাবাজির কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি এবং হামলাকারীরা স্টুডিওটি সালমানের—এ বিষয়টি জানত না।

পুলিশ কর্মকর্তা জানান, হামলার ঘটনায় অভিযান চালিয়ে এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে। তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।

বিজ্ঞাপন

আরও পড়ুন

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ইসিবি চত্বরের নিউ গিনি প্রপার্টিজ এলাকায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশের তথ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন প্রতিবেদনে ঘটনাটিকে জমি-সংক্রান্ত বিরোধের সঙ্গে যুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

তবে সালমান মুক্তাদিরের বক্তব্য ছিল ভিন্ন। তিনি অভিযোগ করেন, তাঁর কাছে চাঁদা দাবি করা হয়েছিল এবং তা দিতে অস্বীকৃতি জানানোয় তাঁর স্টুডিওতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। তাঁর এই অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট রাজনৈতিক পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার সময় ঢাকায় ছিলেন না সালমান মুক্তাদির। খবর পেয়ে তিনি দ্রুত ঢাকায় ফিরে স্টুডিওতে গিয়ে ক্ষয়ক্ষতি দেখেন।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ভিডিওতে স্টুডিওর ভাঙচুরের চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘আমাদের স্টুডিও ধ্বংস হয়ে গেছে।’ তাঁর স্টুডিওর বিভিন্ন আসবাব ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হওয়ার চিত্রও প্রকাশ্যে এসেছে।

বিজ্ঞাপন

স্টুডিওর এক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, হামলার সময় বিপুলসংখ্যক লোক সেখানে প্রবেশ করে ভাঙচুর চালায়। পরিস্থিতির কারণে কর্মীদের একটি অংশ আত্মগোপন করেন বলেও তিনি জানান। হামলার সময় কর্মীদের কাছ থেকে মোবাইল ফোন ও মানিব্যাগ নেওয়ার অভিযোগও করা হয়েছে।

সালমান মুক্তাদির তাঁর ভিডিও বার্তায় জানান, হামলার পরও তিনি সৃজনশীল কাজ চালিয়ে যাবেন। স্টুডিওকে ঘিরে কাজ করা তরুণ-তরুণীদের সঙ্গে তাঁর সম্পর্ক এবং প্রতিষ্ঠানটির কর্মসংস্থানের ভূমিকার কথাও তুলে ধরেন তিনি।

এ ঘটনায় মামলা করার কথা জানিয়েছেন সালমান মুক্তাদির। পুলিশ জানিয়েছে, হামলার পেছনের জমি-সংক্রান্ত বিরোধ এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত চলছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD