এআই ছবিতে নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে ছবি তৈরি করে বাংলাদেশ সেনাবাহিনীর নারী সদস্যের পরিচয় দেওয়ার অভিযোগে তোফায়েল আলম টিটু (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা জেলা।
বিজ্ঞাপন
পিবিআইয়ের দাবি, নারী সেনা সদস্যের পরিচয়ে ইতালি প্রবাসী এক তরুণের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তোলার পর বিভিন্ন কৌশলে তার কাছ থেকে প্রায় ৭ লাখ টাকা নেওয়া হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) পিবিআই ঢাকা জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার এম. এন. মোর্শেদ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পিবিআই জানায়, কেরানীগঞ্জের বারিশুর বাঘবাড়ি এলাকার বাসিন্দা শাহনাজ বেগমের (৪৬) ছেলে শাহাদাত খান (২২) ইতালিতে থাকেন। ফেসবুকের ‘লেডি সোলজার/নারী যোদ্ধা’ নামের একটি পেজের মাধ্যমে সেনাবাহিনীর নারী সদস্যের পোশাক পরা ছবি ও ভিডিও ব্যবহার করে শাহাদাতের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে নারী পরিচয়ে নারীর কণ্ঠে ফোন ও ইমোতে কথা বলে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলা হয়।

পিবিআইয়ের ভাষ্য, ওই সম্পর্কের সুযোগ নিয়ে শাহাদাতের কাছ থেকে বিকাশ ও নগদের মাধ্যমে বিভিন্ন সময়ে প্রায় ৭ লাখ টাকা নেওয়া হয়। পরে শাহাদাত ও তার মা বিষয়টি প্রতারণা বলে বুঝতে পারেন।
বিজ্ঞাপন
এ ঘটনায় শাহাদাতের মা প্রথমে আদালতে সিআর মামলা করেন। তদন্তে প্রাথমিকভাবে প্রতারণার তথ্য পাওয়ার পাশাপাশি বিকাশ ও নগদের লেনদেনের তথ্য সংগ্রহ করে সংশ্লিষ্ট ব্যক্তির অবস্থান শনাক্ত করা হয়। পরে কেরানীগঞ্জ মডেল থানায় দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় মামলা করা হয়। গত ১৩ সেপ্টেম্বর মামলাটি পিবিআই ঢাকা জেলা তদন্তের জন্য গ্রহণ করে।
তদন্তে পাওয়া তথ্য ও বিভিন্ন নথি বিশ্লেষণ করে টিটুর অবস্থান শনাক্ত করা হয়। পরে ২০ সেপ্টেম্বর বিকেল ৩টা ৩৫ মিনিটের দিকে ঢাকার দারুস সালাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত বিকাশ ও নগদ অ্যাকাউন্টের সিমসহ তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পুলিশ সুপার এম. এন. মোর্শেদ বলেন, টিটু নারীর মতো কণ্ঠে কথা বলতে পারেন। শাহাদাতের সঙ্গে ফেসবুক মেসেঞ্জারে পরিচয়ের পর ইমোতেও নারী কণ্ঠে যোগাযোগ করতেন তিনি। শাহাদাতের মায়ের কাছে নিজের মায়ের অসুস্থতার কথা বলে বিভিন্ন সময়ে টাকা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

পিবিআই জানায়, ২১ সেপ্টেম্বর টিটুকে আদালতে সোপর্দ করা হলে এক দিনের রিমান্ড মঞ্জুর হয়। রিমান্ড শেষে ২৩ সেপ্টেম্বর তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
বিজ্ঞাপন
এ ছাড়া পুলিশের অপরাধ তথ্য যাচাইয়ে টিটুর বিরুদ্ধে কিশোরগঞ্জ আদালতে একটি সিআর মামলা থাকার তথ্য পাওয়া গেছে। ওই মামলার তদন্ত শেষে আদালত তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছেন বলে জানিয়েছে পিবিআই।
পিবিআই বলছে, এ ঘটনায় আরও কেউ জড়িত কি না এবং প্রতারণার মাধ্যমে নেওয়া অর্থের বিষয়ে অতিরিক্ত কোনো তথ্য পাওয়া যায় কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।








