বিপ্লব কুমারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বিজ্ঞাপন
রবিবার (২৭ সেপ্টেম্বর) দুদক সচিব মো. সাইদুর রহমান খান এ তথ্য জানান।
আরও পড়ুন
বিজ্ঞাপন
দুদকের অনুসন্ধানে বিপ্লব কুমার সরকারের নামে ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৩ লাখ ৬২ হাজার ৪৯৭ টাকার সম্পদের তথ্য পাওয়ার কথা জানানো হয়েছে। এ কারণে অনুসন্ধানকারী কর্মকর্তার সুপারিশের ভিত্তিতে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির অনুমোদন দিয়েছে কমিশন।
দুদকের অভিযোগ, সরকারি চাকরিতে থাকাকালে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থের উৎস আড়াল করতে বিপ্লব কুমার নিজের ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে হিসাব পরিচালনা করেছেন। অনুসন্ধানে ২১টি ব্যাংকের ৩২৫টি, দুটি আর্থিক প্রতিষ্ঠানের তিনটি এবং সাতটি ব্রোকারেজ হাউজের ১৩টিসহ মোট ৩৪১টি হিসাবের তথ্য পাওয়া গেছে। এসব হিসাবে ৩০ কোটি ৭২ লাখ টাকা জমা এবং ৩০ কোটি ১৩ লাখ টাকা উত্তোলনের তথ্য উল্লেখ করেছে দুদক।
এ ছাড়া মানিলন্ডারিং প্রতিরোধ আইনে সম্পৃক্ত অপরাধ এবং নামে-বেনামে সম্পত্তি কেনাসহ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে বলে জানিয়েছে দুদক। এসব অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলমান রয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
এর আগে ২০২৫ সালের ৯ ডিসেম্বর বিপ্লব কুমার সরকার, তার স্ত্রী হোসনেয়ারা বেগম, ভাই প্রণব কুমার সরকার ও ভাইয়ের স্ত্রী শাহানারা বেগমের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত। পরে চলতি বছরের জানুয়ারিতে বিপ্লব কুমার সরকার ও তার স্ত্রী হোসনেয়ারা বেগমের নামে থাকা ব্যাংক ও বিও হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়।








