Logo

আদাবরে বাড়ি দখল চেষ্টা : পুলিশের অভিযানে দুইজন গুলিবিদ্ধ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪১
আদাবরে বাড়ি দখল চেষ্টা : পুলিশের অভিযানে দুইজন গুলিবিদ্ধ
ছবি: সংগৃহীত

রাজধানীর আদাবরে বাড়ি দখলের চেষ্টা, ভাঙচুর ও চাঁদাবাজির মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযানের সময় গুলির ঘটনা ঘটেছে। এতে রাজিব হাওলাদার (৩০) ও সাগর ওরফে ছোট বিগার (২৪) নামে দুই তরুণ পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে চাপাতি, সামুরাই ও কিরিসসহ ধারালো অস্ত্র।

বিজ্ঞাপন

পুলিশের তথ্য অনুযায়ী, এ ঘটনায় এখন পর্যন্ত মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার চারজন হলেন রাজিব হাওলাদার, সাগর ওরফে ছোট বিগার, শাকিব (২৩) ও রাশেদ (২৪)। গুলিবিদ্ধ রাজিব ও সাগরকে চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা ৩৫ মিনিটের দিকে আদাবর থানার নবোদয় হাউজিং কাঁচাবাজারসংলগ্ন মেলার মাঠের পেছনে খালপাড়ের একটি ফাঁকা জায়গায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, শ্যামলী হাউজিংয়ের ৮ নম্বর সড়কের একটি বাড়ি দখলের চেষ্টা, ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগে ২৭ সেপ্টেম্বর আদাবর থানায় মামলা করা হয়। মামলার আসামিদের গ্রেপ্তারে বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছিল পুলিশ।

সোমবার দিবাগত রাত ২টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মামলার কয়েকজন আসামি নবোদয় হাউজিং কাঁচাবাজারের পাশে মেলার মাঠের পেছনে খালপাড়ের ফাঁকা জায়গায় অবস্থান করছেন। পরে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।

এডিসি জুয়েল রানা বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে সাত থেকে আটজন দুষ্কৃতকারী ধারালো অস্ত্র নিয়ে পুলিশকে আক্রমণের চেষ্টা করে। এ সময় আত্মরক্ষার্থে কনস্টেবল মোশরেকুল ইসলামের হাতে থাকা শটগান দিয়ে পুলিশ দুটি গুলি ছোড়ে। এতে রাজিব হাওলাদার ও সাগর ওরফে ছোট বিগার পায়ে গুলিবিদ্ধ হন।

বিজ্ঞাপন

পরে ঘটনাস্থল থেকে রাজিব, সাগর, শাকিব ও রাশেদকে গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ঘটনাস্থল থেকে স্টিলের ধারালো চাপাতি, সামুরাই ও কিরিস উদ্ধার করা হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার রাজিব হাওলাদার মোহাম্মদপুরের আলোচিত বাবু হত্যা মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি। সাগর ওরফে ছোট বিগারের বিরুদ্ধে আদাবর ও মোহাম্মদপুর থানায় আটটি মামলা রয়েছে। শাকিব ও রাশেদের বিরুদ্ধে পাঁচটি করে মামলা রয়েছে।

গুলিবিদ্ধ দুইজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD