শ্রীপুরে সন্ত্রাসবিরোধী মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আশরাফুল ইসলাম সজলকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার আদালতে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম।
সজল উপজেলার বরামা গ্রামের ইমতিয়াজ উদ্দীনের ছেলে। দলীয় সূত্রে জানা গেছে, তিনি এনসিপির শ্রীপুর উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য।
তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্যুৎ বিল নিয়ে করা একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশট নিয়েও আলোচনা শুরু হয়। স্ক্রিনশটে একটি পল্লী বিদ্যুতের বিলের কপি এবং সরকার ও সরকারপ্রধানকে নিয়ে আপত্তিকর ভাষায় লেখা কিছু বক্তব্য দেখা যায়। তবে বর্তমানে সজলের ফেসবুক অ্যাকাউন্টে ওই পোস্টটি খুঁজে পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, বিদ্যুৎ বিল বেশি আসায় ক্ষুব্ধ হয়ে সজল বিষয়টি নিয়ে ফেসবুকে লিখেছিলেন। পরে অন্যদের পরামর্শে তিনি পোস্টটি সরিয়ে নেন।
সজলের মা আসমা আক্তার বলেন, “বিদ্যুৎ বিল নিয়ে আমার ছেলে একটি পোস্ট দিয়েছিল। পরে সেটি মুছে ফেলে। আমার ছেলে সহজ-সরল, ভুল হতে পারে।”
এনসিপির শ্রীপুর উপজেলা আহ্বায়ক আবু রায়হান মেজবাহ বলেন, সজল তাদের দলের কর্মী। তিনি দাবি করেন, রাজনৈতিক পরিচয়ের কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বিজ্ঞাপন
অন্যদিকে পুলিশের বক্তব্য, ফেসবুক পোস্টের সঙ্গে গ্রেপ্তারের কোনো সম্পর্ক নেই। মামলার তদন্তের অংশ হিসেবেই সজলকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কোনো ফেসবুক স্ট্যাটাসের কারণে তাকে গ্রেপ্তার করা হয়নি। বরং গ্রেপ্তারের পর বিভিন্ন মাধ্যমে তার ফেসবুক স্ট্যাটাসের বিষয়টি দেখতে পেয়েছি।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তারের পর সজলকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।
বিজ্ঞাপন








