Logo

অস্ত্রসহ ২৭ মামলার আসামি ‘পিচ্চি আল-আমিন’ গ্রেফতার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ অক্টোবর, ২০২৬, ১৯:৩১
অস্ত্রসহ ২৭ মামলার আসামি ‘পিচ্চি আল-আমিন’ গ্রেফতার
ছবি: সংগৃহীত

হত্যা ও চাঁদাবাজিসহ ২৭টি মামলার আসামি এবং রামপুরা এলাকার তালিকাভুক্ত সন্ত্রাসী পিচ্চি আল-আমিনকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে এসআরবি-৩। এ সময় তার দুই সহযোগী খাইরুল ও কামালকেও আটক করা হয়। অভিযানে তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১ অক্টোবর) এসআরবি ফোর্সেসের লিগ্যাল অ্যান্ড মিডিয়া পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এসব তথ্য জানান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি বলেন, পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন দীর্ঘদিন ধরে রাজধানীর রামপুরা এলাকায় বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। নির্মাণাধীন ভবন, বাজার, দোকানপাট, টেম্পোস্ট্যান্ড, ডিস ব্যবসায়ী এবং ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

ইন্তেখাব চৌধুরী জানান, সর্বশেষ গত ২৭ সেপ্টেম্বর রামপুরা থানাধীন বনশ্রী এলাকার ‘গ্রীনজোন অনলাইন’ নামের একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটে। ওই প্রতিষ্ঠানের কাছে এককালীন ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। পাশাপাশি ব্যবসা চালিয়ে যেতে হলে প্রতি মাসে ৫ লাখ টাকা করে চাঁদা দিতে হবে বলে হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এসআরবি ফোর্সেসের লিগ্যাল অ্যান্ড মিডিয়া পরিচালক বলেন, এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে এসআরবি-৩-এর একটি দল বৃহস্পতিবার রামপুরা থানাধীন টিভি রোড এলাকায় অভিযান চালায়। অভিযানে পিচ্চি আল-আমিনকে তার দুই সহযোগী খাইরুল ও কামালসহ গ্রেফতার করা হয়।

অভিযানের সময় পিচ্চি আল-আমিনের কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

এ ছাড়া চাঞ্চল্যকর কাইল্ল্যা পলাশ হত্যা মামলারও আসামি ছিলেন পিচ্চি আল-আমিন বলে জানিয়েছেন উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD