Logo

আওয়ামী লীগের সাবেক এমপি জাফরের ১৫৫ কোটি টাকা অবরুদ্ধ চায় দুদক

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ অক্টোবর, ২০২৬, ১৫:৫৬
আওয়ামী লীগের সাবেক এমপি জাফরের ১৫৫ কোটি টাকা অবরুদ্ধ চায় দুদক
ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী জাফর উল্লাহ এবং তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা ১৫৫ কোটি ১ লাখ ৪২ হাজার ৭০৮ টাকা ও ১৬ হাজার ৫০০ মার্কিন ডলার অবরুদ্ধ করার উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিজ্ঞাপন

বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে জমা থাকা এসব অর্থ অন্যত্র সরিয়ে ফেলা বা বেহাত হওয়ার আশঙ্কায় আদালতের মাধ্যমে সম্পদ অবরুদ্ধ করার আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

রবিবার (৪ অক্টোবর) দুদকের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কাজী জাফর উল্লাহ ও তাঁর পরিবারের সদস্যদের নামে বিভিন্ন ব্যাংকে থাকা অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে আদালতে অবরুদ্ধকরণের আবেদন দাখিলের অনুমোদন দিয়েছে কমিশন।

দুদকের সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, এসব অর্থ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর কিংবা বেহাত হয়ে গেলে রাষ্ট্রের আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। এ কারণে সম্পদগুলো অবরুদ্ধ করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে যাচ্ছে কমিশন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

দুদকের নথিতে উল্লেখ করা হয়েছে, কাজী জাফর উল্লাহর নিজের নামে মেঘনা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকের বিভিন্ন হিসাবে প্রায় ৪৯ কোটি ৭৬ লাখ ৬২ হাজার ২৯৫ টাকা রয়েছে। তাঁর স্ত্রী নিলুফার জাফর উল্লাহর নামে মিডল্যান্ড ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকের হিসাবে জমা রয়েছে প্রায় ২৬ কোটি ২৫ লাখ ৭৭ হাজার ৯৫ টাকা।

বিজ্ঞাপন

এ ছাড়া তাঁদের ছেলে কাজী ওমর জাফরের নামে মেঘনা, মিডল্যান্ড ও প্রিমিয়ার ব্যাংকে থাকা অর্থের পরিমাণ প্রায় ২৩ কোটি ৮৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। অপর ছেলে কাজী রায়হান জাফরের নামে মেঘনা ও প্রিমিয়ার ব্যাংকের বিভিন্ন হিসাবে প্রায় ২৩ কোটি ৩৭ লাখ ২৬ হাজার ৮৪৯ টাকা এবং ১৬ হাজার ৫০০ মার্কিন ডলার থাকার তথ্য পাওয়া গেছে।

অন্যদিকে, মেয়ে কাজী আফসকা মেহেরিন জাফরের নামে মেঘনা, মিডল্যান্ড ও প্রিমিয়ার ব্যাংকের বিভিন্ন হিসাবে প্রায় ৩১ কোটি ৭৬ লাখ ৮৫ হাজার ৫০৫ টাকা জমা রয়েছে বলে দুদকের নথিতে উল্লেখ করা হয়েছে।

দুদকের হিসাব অনুযায়ী, কাজী জাফর উল্লাহ ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা এসব সম্পদের মোট পরিমাণ ১৫৫ কোটি ১ লাখ ৪২ হাজার ৭০৮ টাকা এবং ১৬ হাজার ৫০০ মার্কিন ডলার।

বিজ্ঞাপন

আরও পড়ুন

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একই বছরের ১৮ সেপ্টেম্বর রাজধানীর গুলশান এলাকা থেকে কাজী জাফর উল্লাহকে গ্রেফতার করে পুলিশ। পরে তাঁকে একাধিক মামলায় গ্রেফতার দেখানো হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

বিজ্ঞাপন

কাজী জাফর উল্লাহ ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি অর্থ আত্মসাতের অভিযোগে তাঁর ও ছয় কর্মকর্তার বিরুদ্ধে মামলা করে দুদক। এ ছাড়া চলতি বছরের মার্চে দুদকের আরেকটি মামলায় তাঁকে গ্রেফতার দেখানোর আদেশ দেন আদালত।

বিভিন্ন ব্যাংকে থাকা বিপুল পরিমাণ অর্থ অবরুদ্ধ করার এই উদ্যোগের মাধ্যমে সম্পদ স্থানান্তর ও বেহাত হওয়ার ঝুঁকি ঠেকাতে চায় দুদক। তবে আদালতের আদেশের মাধ্যমে সম্পদ অবরুদ্ধের বিষয়টি চূড়ান্ত হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD