অপরাধীদের জন্য মজুত ২১৬ সুইচ গিয়ার চাকু উদ্ধার, গ্রেফতার ১

ঢাকার কেরানীগঞ্জের একটি বাসায় অভিযান চালিয়ে বিভিন্ন মডেলের ২১৬টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। এসব চাকু বিক্রির উদ্দেশ্যে মজুত করা হয়েছিল বলে জানিয়েছে সংস্থাটি। এ ঘটনায় এস এম রবীন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (৪ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি জানান, শনিবার (৩ অক্টোবর) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-২ জানতে পারে, ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার লাবনী পয়েন্ট এলাকার একটি বাসায় বিপুল পরিমাণ অবৈধ সুইচ গিয়ার চাকু বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা হয়েছে।
পরে তথ্যের ভিত্তিতে এসআরবি-২-এর একটি দল ওই বাসায় অভিযান চালায়। তল্লাশির সময় ঈগল মডেলের ১৮০টি, চিতা মডেলের ২০টি, মাছরাঙা মডেলের ১২টি এবং কমবোর্ড মডেলের ৪টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধার করা হয়েছে ২১৬টি চাকু।
অভিযানে এসব চাকুর মজুত ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এস এম রবীনকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
এসআরবির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক বলেন, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, এসব চাকু ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অপরাধীদের কাছে সরবরাহ করা হতো। ছিনতাই, হত্যাসহ বিভিন্ন অপরাধে এসব অস্ত্র ব্যবহারের তথ্য পাওয়া গেছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, প্রচলিত আইন অনুযায়ী এ ধরনের ধারালো অস্ত্রের ক্রয়-বিক্রয়, বহন, মজুত ও ব্যবহার নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ।
উদ্ধার করা চাকুগুলো আলামত হিসেবে জব্দ করা হয়েছে। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে এসআরবি।








