Logo

খাবার না পেয়ে মাদরাসার বাবুর্চিকে পিটিয়ে হত্যা, আহত নারী সহকারী

profile picture
জেলা প্রতিনিধি
রাজবাড়ী
৩০ অক্টোবর, ২০২৬, ১৯:৫১
খাবার না পেয়ে মাদরাসার বাবুর্চিকে পিটিয়ে হত্যা, আহত নারী সহকারী
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দে মাদরাসায় খাবার চেয়ে না পেয়ে কাঠের গুঁড়ি দিয়ে পিটিয়ে ফজের আলী সরদার (৭০) নামে এক বাবুর্চিকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাকে রক্ষা করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন সোনাবান বিবি (৬৫) নামে এক নারী সহকারী। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার দৌলতদিয়া আঞ্জুমান-ই-কাদেরিয়া মাদরাসাতু সাবি-ইল-হাসান দাখিল মাদরাসায় এ ঘটনা ঘটে।

নিহত ফজের আলী সরদার রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের মল্লিকপাড়া গ্রামের মৃত আহমদ আলী সরদারের ছেলে। আহত সোনাবান বিবি গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বাইরে চর দৌলতদিয়া সিদ্দিক কাজীপাড়ার মৃত সাইমুদ্দিন শেখের স্ত্রী।

স্থানীয়দের ভাষ্য, শুক্রবার দুপুরে রান্না শেষে মাদরাসার হোস্টেলের শিক্ষার্থীদের খাবার পরিবেশন করছিলেন ফজের আলী ও তার সহকারী সোনাবান বিবি। এ সময় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি সেখানে এসে খাবার চান। খাবার না পেয়ে তিনি রান্নার কাজে ব্যবহৃত কাঠের গুঁড়ি (চলা) নিয়ে বাবুর্চির মাথা ও ঘাড়ে এলোপাতাড়ি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই ফজের আলীর মৃত্যু হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ফজের আলীকে বাঁচাতে এগিয়ে গেলে হামলাকারী সোনাবান বিবিকেও মারধর করেন। তাদের চিৎকার শুনে মসজিদের মুসল্লি ও আশপাশের লোকজন ছুটে এসে হামলাকারীকে আটক করেন।

পরে রক্তাক্ত অবস্থায় ফজের আলী ও সোনাবান বিবিকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক কৌশিক হাসান ফজের আলীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সোনাবান বিবিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়। পরে তাকে চিকিৎসার জন্য গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

বিজ্ঞাপন

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি বলেন, উত্তেজিত জনতার হাতে আটক ব্যক্তির বয়স আনুমানিক ৪৩ বছর। তাকে পুলিশের তত্ত্বাবধানে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, আটক ব্যক্তি মানসিকভাবে অসুস্থ। খাবার চেয়ে না পেয়ে তিনি বাবুর্চি ও তার সহকারীকে মারধর করেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD