Logo

পরাজিত শক্তির সঙ্গে আঁতাতের রাজনীতি মঙ্গলজনক হবে না: নীরব

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ সেপ্টেম্বর, ২০২৫, ২৩:৫৭
পরাজিত শক্তির সঙ্গে আঁতাতের রাজনীতি মঙ্গলজনক হবে না: নীরব
ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব বলেছেন, পরাজিত শক্তির সঙ্গে আঁতাতের রাজনীতি কারও জন্যই মঙ্গলজনক হবে না।

বিজ্ঞাপন

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর হাতিরঝিল এলাকায় মশক নিধন কর্মসূচিতে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। ৩৫ নং ওয়ার্ড হাতিরঝিল থানা বিএনপির নেতাকর্মীদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

এ সময় নীরব বলেন, বিশেষ কিছু মহল থেকে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন যাতে অনুষ্ঠিত না হয়, সেজন্য তৎপরতা শুরু হয়েছে। ফ্যাসিস্ট সরকারের বিদায়ের পর গণতান্ত্রিক ধারায় উত্তরণের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেটি কেউ বাধাগ্রস্ত করতে চাইলে জনগণই তা প্রতিহত করবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, পিআর একটি সুপরিকল্পিত মাস্টারপ্ল্যান। এই পদ্ধতিতে নির্বাচন হলে মানুষ বিভ্রান্তিতে ভুগবে। বিএনপি মনে করে, নির্বাচন হতে হবে এমন একটি ব্যবস্থায়, যা জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটায় এবং যার প্রতি মানুষের বিশ্বাস আছে। (পিআর) পদ্ধতির মতো একপাক্ষিক প্রস্তাব গণতন্ত্রকে এগিয়ে না নিয়ে, বরং বিভ্রান্ত করবে।

তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ বৈষম্যহীন ও সম্প্রীতির বাংলাদেশ হবে। বিএনপি ও অঙ্গ সংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গণতন্ত্রকামী জনগণকে সঙ্গে নিয়ে আমরা সব অপশক্তিকে পরাজিত করব এবং খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব।

বিজ্ঞাপন

সাইফুল আলম নীরব বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়ন করতে হবে, এর কোনো বিকল্প নেই।

জেবি/এমএল

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD