Logo

আ.লীগের পুনর্বাসনে জামায়াতের ইন্ধন কাজ করছে: রিজভী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:১৪
আ.লীগের পুনর্বাসনে জামায়াতের ইন্ধন কাজ করছে: রিজভী
রুহুল কবির রিজভী | ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের পুনর্বাসনে জামায়াতে ইসলামীর ইন্ধন কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এ দাবি করেন।

রুহুল কবির রিজভী বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসন হলে দেশ ভয়াবহ পরিণতির মুখোমুখি হবে। আবারও স্বৈরশাসনের যাঁতাকলে পিষ্ট হবে জাতি।”

বিজ্ঞাপন

তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের পুনর্বাসনে জামায়াতে ইসলামীর সম্পৃক্ততা লক্ষ্য করা যাচ্ছে। ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার করার প্রেক্ষাপটেও জামায়াতের ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি। তার দাবি, শেখ হাসিনার দেওয়া গণহত্যার নির্দেশ বাস্তবায়নে ভারতের মদদ ছিল।

বিএনপির এই নেতা বলেন, “যে প্রধানমন্ত্রী সরাসরি গুলি চালানোর নির্দেশ দেন, তার ভয়াবহতা আমরা প্রত্যক্ষ করেছি। রিমান্ড, কারাভোগ, নির্যাতন এসবের শিকার হয়েছি আমরা নিজেরাই। কিন্তু আদালতে জমা দেওয়া ডকুমেন্ট, টেলিফোন কথোপকথনের ক্লিপস এখন আরও ভয়ঙ্কর চিত্র প্রকাশ করছে।”

তিনি অভিযোগ করেন, হেলিকপ্টার থেকে গুলি চালানো, সরকারি ভবন ও মেট্রোরেল স্টেশনে আগুন দেওয়ার মতো ঘটনার নির্দেশনা এসেছে সরাসরি শেখ হাসিনার কাছ থেকে। অথচ এসব নাশকতার দায় চাপানো হয়েছিল আন্দোলনকারী নেতাকর্মীদের ওপর। এমনকি তাকে (রিজভী) মেট্রোরেল স্টেশনে অগ্নিসংযোগ মামলায় আসামি করা হয়েছিল বলে জানান তিনি।

বিজ্ঞাপন

রুহুল কবির রিজভী বলেন, “শেখ হাসিনা নিজেই দেশ ও জাতিকে ভয়াবহ বিপদের দিকে ঠেলে দিয়েছিলেন। নাশকতার নামে যেসব অভিযোগ তোলা হয়েছিল, তা মূলত তারই নির্দেশে সংঘটিত।”

এ সময় ভোট জরিপ প্রসঙ্গে বিএনপির এ নেতা জানান, জরিপ নিয়ে আপাতত বিএনপির কোনো ভাবনা নেই।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD