নির্বাচনে নীলনকশা হলে জনগণ ছেড়ে দেবে না: রিজভী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিশেষ দল বা গোষ্ঠীকে জেতানোর মতো ‘নীলনকশা’ করা হলে দেশের জনগণ তা কোনোভাবেই ছেড়ে দেবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিজ্ঞাপন
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, বিতর্কিত ডাকসু ও জাকসু নির্বাচনের অভিজ্ঞতার পর থেকেই আসন্ন জাতীয় নির্বাচনের ফলাফল নিয়ে জনমনে শঙ্কা তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
তিনি অভিযোগ করেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে মাটিচাপা দিয়ে শেখ হাসিনা তার ক্ষমতা টিকিয়ে রাখতে চেয়েছেন এবং পছন্দসই প্রার্থীদের জিতিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। একই কায়দায় যদি জাতীয় নির্বাচনে কোনো দলকে সুবিধা দেওয়ার পরিকল্পনা থাকে, তা হবে জাতির জন্য বড় দুর্ভাগ্য।
ডাকসু নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন হওয়া নিয়ে কোনো আপত্তি নেই, কিন্তু যেভাবে নির্বাচন হয়েছে, তা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে।
তিনি অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সমান সুযোগ নিশ্চিত না করে নির্বাচন পরিচালনা করেছেন।
বিজ্ঞাপন
রিজভী প্রশ্ন তুলে বলেন, নীলক্ষেত থেকে ডাকসুর ব্যালট কেন ছাপানো হলো? এটি কি কোনো বিশেষ স্বার্থ রক্ষার জন্য করা হয়নি? সরকারের উচিত ছিল বিষয়গুলো তদন্ত করা।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানও বক্তব্য দেন। তিনি অভিযোগ করে বলেন, বিএনপির বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র চলছে। এই চক্রান্ত প্রতিহত করতে দলের নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ থাকতে হবে।








