Logo

বিতর্কিত উপদেষ্টারা থাকলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে: খসরু

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ অক্টোবর, ২০২৫, ২১:৩৯
বিতর্কিত উপদেষ্টারা থাকলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে: খসরু
আমীর খসরু মাহমুদ চৌধুরী | ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন হলেও যদি সেখানে বিতর্কিত বা প্রশ্নবিদ্ধ ব্যক্তিরা দায়িত্বে থাকেন, তাহলে সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্নবিদ্ধ হবে।

বিজ্ঞাপন

শনিবার (২৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে ভাসানী জনশক্তি পার্টির আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের মধ্যে যদি এমন ব্যক্তিরা থাকেন, যাদের ভূমিকা নিয়ে রাজনৈতিক দলগুলো প্রশ্ন তোলে, তবে তাদের অধীনে কোনোভাবেই নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এদের অপসারণ করতে হবে, নইলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ গত ১৭ বছর ধরে একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য লড়াই করে আসছে। এই সংগ্রাম ছিল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই। তাই আসন্ন নির্বাচন যেন সব দলের কাছে গ্রহণযোগ্য হয়, সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

বিএনপির এই নেতা বলেন, সরকার যদি সত্যিই সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়, তাহলে তাদের তত্ত্বাবধায়ক সরকারের আদলে দেশ পরিচালনা করতে হবে। জনগণের আস্থা ফেরাতে হবে। কারণ নির্বাচন শুধু প্রক্রিয়া নয়, এটি জনগণের বিশ্বাস ও ধারণার বিষয়।

বিজ্ঞাপন

সভায় সভাপতিত্ব করেন ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু। বক্তব্য দেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক হাসনাত কাইয়ুম।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD