Logo

লন্ডন থেকে আজই দেশের পথে রওনা দিচ্ছেন তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ ডিসেম্বর, ২০২৫, ১৪:০২
লন্ডন থেকে আজই দেশের পথে রওনা দিচ্ছেন তারেক রহমান
তারেক রহমান | ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্যের স্থানীয় সময় আজ বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি লন্ডন ত্যাগ করবেন।

বিজ্ঞাপন

সবকিছু পরিকল্পনা অনুযায়ী হলে আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে তিনি ঢাকায় পৌঁছাবেন। তার সঙ্গে থাকবেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।

তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিএনপি রাজধানীজুড়ে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। দলীয় সূত্রে জানানো হয়েছে, বিমানবন্দর থেকে সরাসরি পূর্বাচল হাইওয়ে এক্সপ্রেস সংলগ্ন কুড়িল এলাকায় সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। বিএনপি দাবি করেছে, উপস্থিতির দিক থেকে এটি অতীতের সকল রাজনৈতিক সমাবেশকেও ছাড়িয়ে যেতে পারে।

সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। দলীয় শীর্ষ নেতারা ইতোমধ্যে একাধিকবার অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকেও আনুষ্ঠানিক অনুমতি নেওয়া হয়েছে।

বিএনপি সূত্র জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানের অবতরণ সময় নির্ধারিত হয়েছে বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিটে। আগমনকে কেন্দ্র করে পূর্বাচল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে, পাশাপাশি দলীয় স্বেচ্ছাসেবকরা শৃঙ্খলা বজায় রাখতে মাঠে কাজ করছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ওয়ান-ইলেভেন সরকারের সময় ২০০৮ সালে কারামুক্ত হয়ে সপরিবারে যুক্তরাজ্যে যান তারেক রহমান। এরপর দীর্ঘ সময় তিনি সেখানে অবস্থান করেন। যদিও তার স্ত্রী কয়েকবার দেশে এসেছেন, তারেক রহমানের দেশে ফেরা এতদিন সম্ভব হয়নি।

দীর্ঘ প্রতীক্ষার পর এবার তার দেশে প্রত্যাবর্তন বাস্তব হতে যাচ্ছে, যা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিএনপির পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানকে শান্তিপূর্ণ ও সংক্ষিপ্ত রেখে এক বিশেষ দিন হিসেবে স্মরণীয় করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD