রিকশায় চড়ে মনোনয়ন জমা দিলেন মির্জা ফখরুল

ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রিকশায় চড়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বিজ্ঞাপন
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে এই ব্যতিক্রমী দৃশ্য জেলার রাজনৈতিক মহলে ও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত আলোচনার জন্ম দিয়েছে।
সকাল ১১টার দিকে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে উপস্থিত হন মির্জা ফখরুল। সেখানে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণের পর বেলা ১১টার দিকে বীর মুক্তিযোদ্ধা নূর করিমকে সঙ্গে নিয়ে রিকশায় চড়ে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে রওনা দেন তিনি।
আরও পড়ুন: ঢাকা-১৪ আসনে মনোনয়ন দাখিল করলেন ব্যারিস্টার আরমান
রিকশার সঙ্গে অনুগমন করছিলেন কয়েকশো দলের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ পেশাজীবী। দুপুর ১১:৪৭ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছানোর পর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা তাকে স্বাগত জানান। এরপর আনুষ্ঠানিকভাবে ঠাকুরগাঁও-১ আসনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সাবেক ইউপি চেয়ারম্যান জাফরউল্লাহসহ স্থানীয় জ্যেষ্ঠ নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: দীর্ঘদিন পর মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছে: মির্জা ফখরুল
প্রত্যক্ষদর্শীরা জানান, সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠ থাকার বার্তা দিতে মহাসচিব রিকশা ব্যবহার করেছেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই অমূল্য প্রচেষ্টা তাকে জনমানসে আরও কাছে নিয়ে আসতে সহায়ক হবে।
এরপর জেলা প্রশাসকের কার্যালয়ে জামায়াতে ইসলামীর প্রার্থীরাও জেলার তিনটি আসনের জন্য মনোনয়নপত্র জমা দিতে উপস্থিত হন।








