Logo

শেষ বিদায়ে গুলশানে খালেদা জিয়া, ছেলের বাসায় ফিরল নিথর দেহ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩১ ডিসেম্বর, ২০২৫, ০৯:৪৮
শেষ বিদায়ে গুলশানে খালেদা জিয়া, ছেলের বাসায় ফিরল নিথর দেহ
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের একটি বাসভবনে নেওয়া হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তাঁকে শেষবারের মতো গুলশান এলাকায় নেওয়া হয়।

বিজ্ঞাপন

প্রাথমিকভাবে মরদেহটি তাঁর দীর্ঘদিনের বাসভবন ‘ফিরোজা’য় নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত গাড়িটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় নেওয়া হয়। সেখানে স্বজন ও দলীয় নেতাকর্মীরা তাঁকে শেষবারের মতো শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন।

এর আগে সকাল ৯টার কিছু সময় আগে এভারকেয়ার হাসপাতাল থেকে মরদেহবাহী গাড়ি রওনা দেয়। লাল-সবুজের জাতীয় পতাকায় মোড়ানো গাড়িটি বের হওয়ার সময় হাসপাতাল এলাকা ও আশপাশে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা বুধবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। জানাজা পরিচালনা করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক। জানাজা আয়োজনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জানাজা শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে তাঁর স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে। জানাজা ও দাফন ঘিরে সার্বিক নিরাপত্তা জোরদার করতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে সরকার বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। পাশাপাশি বুধবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD