Logo

সংসদ ভবনের পথে খালেদা জিয়ার মরদেহ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩১ ডিসেম্বর, ২০২৫, ১১:২৩
সংসদ ভবনের পথে খালেদা জিয়ার মরদেহ
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ কঠোর নিরাপত্তা বেষ্টিত পরিবেশে রাজধানীর গুলশান এলাকা থেকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার দিকে নেওয়া হচ্ছে। তাকে বহন করা হচ্ছে লাল-সবুজ রঙের জাতীয় পতাকায় মোড়ানো একটি ফ্রিজার ভ্যানে।

বিজ্ঞাপন

বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টা ৫ মিনিটের দিকে ছেলে তারেক রহমানের গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসা থেকে মরদেহ বহনকারী ফ্রিজার ভ্যানটি যাত্রা শুরু করে। ভ্যানটি গুলশান-২, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, এয়ারপোর্ট রোড, মহাখালী ফ্লাইওভার, জাহাঙ্গীর গেট, বিজয় সরণি ও উড়োজাহাজ ক্রসিং হয়ে বামে মোড় নিয়ে জাতীয় সংসদ ভবনের ৬ নম্বর গেটের মাধ্যমে দক্ষিণ প্লাজায় প্রবেশ করবে।

এর আগে সকাল ৮টা ৫৪ মিনিটে এভার কেয়ার হাসপাতাল থেকে মরদেহটি গুলশানের উদ্দেশে রওনা হয়। প্রাথমিকভাবে মরদেহ দীর্ঘদিনের বাসভবন ফিরোজায় নেওয়ার পরিকল্পনা থাকলেও পরে সিদ্ধান্ত বদলানো হয় এবং তা তারেক রহমানের গুলশান বাসায় আনা হয়। সেখানে পৌঁছানোর পর স্বজন ও বিএনপি নেতাকর্মীরা শেষ শ্রদ্ধা জানান।

বিজ্ঞাপন

বেগম খালেদা জিয়ার জানাজা মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে, যেখানে জানাজা পড়াবেন বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। জানাজার পর বিকেল সাড়ে ৩টায় তাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হবে।

বিএনপির চেয়ারপারসনের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ভারত, পাকিস্তানসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশের প্রতিনিধি ঢাকায় উপস্থিত আছেন।

বিজ্ঞাপন

জানাজার নিরাপত্তা নিশ্চিত করতে এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে ২৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক (৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি) ঘোষণা করা হয়েছে। এছাড়া জানাজার দিন সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD