গুপ্ত এক দল ভোট ইঞ্জিনিয়ারিংয়ের ষড়যন্ত্র করছে: টুকু

সিরাজগঞ্জ সদর–২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু অভিযোগ করেছেন, একটি গুপ্ত গোষ্ঠী ভোট ইঞ্জিনিয়ারিংয়ের ষড়যন্ত্র করছে। মাঠে প্রকৃত ভোট না থাকায় তারা নানাভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে দাবি করেন তিনি।
বিজ্ঞাপন
সোমবার (৯ ফেব্রয়ারি) দুপুরে সিরাজগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সয়াধানগড়া পুকুর চালায় ধানের শীষের পক্ষে আয়োজিত এক নির্বাচনী প্রচারণা সভায় এসব কথা বলেন টুকু। তিনি দলীয় নেতাকর্মী, সমর্থক ও ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, যাতে কেউ কোনোভাবেই ভোটের দিন ষড়যন্ত্র করতে না পারে।
টুকু বলেন, গত সতেরো বছর ধরে বিএনপি ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে এসেছে। তার অভিযোগ, ওই সময়ে দেশের মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি এবং গণতন্ত্র হরণ করা হয়েছিল। তিনি বলেন, “আমরা দীর্ঘদিন ভোটের জন্য আন্দোলন করেছি। জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল।”
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ধর্মের নামে ভোট নেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে এবং এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। ভোটারদের সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি আজিজুর রহমান দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন রাজেশ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজসহ ২ নম্বর ওয়ার্ড বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে রোববার সন্ধ্যায় পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের শাহেদ নগর বেপারী পাড়া মহল্লায় ভোটারদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন ইকবাল হাসান মাহমুদ টুকু। সেখানে তিনি ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং বলেন, আগামী ১২ তারিখের নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠন করলে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড চালু, বেকারত্ব নিরসন, সড়ক–ব্রিজ–কালভার্ট উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, নারীদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং বিদ্যুতের অতিরিক্ত বিল সমস্যার সমাধানে কাজ করা হবে।
বিজ্ঞাপন
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সী জাহেদ আলম, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন আলম, জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব নূরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আলমাস, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক মজনু সেখ, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম টনিসহ স্থানীয় নেতৃবৃন্দ।








