Logo

নাগরিককে দুর্বল রেখে রাষ্ট্র শক্তিশালী হয়ে উঠে না: তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:০৫
নাগরিককে দুর্বল রেখে রাষ্ট্র শক্তিশালী হয়ে উঠে না: তারেক রহমান
ছবি: সংগৃহীত

রাষ্ট্রকে শক্তিশালী করতে হলে আগে নাগরিককে শক্তিশালী করতে হবে —এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, জনগণকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ক্ষমতাবান না করা হলে গণতন্ত্র, উন্নয়ন কিংবা বিকেন্দ্রীকরণ—কোনো ব্যবস্থাই দীর্ঘস্থায়ী হতে পারে না।

বিজ্ঞাপন

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন। ভাষণে তিনি জানান, ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে যারা জীবন দিয়েছেন, তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলাই বর্তমান প্রজন্মের দায়িত্ব।

তারেক রহমান বলেন, জনগণের ক্ষমতায়ন ছাড়া দেশে গণতন্ত্র, উন্নয়ন কিংবা বিকেন্দ্রীকরণ—কোনোটিই দীর্ঘস্থায়ী হতে পারে না। আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সরকার জনগণের কাছে সম্পূর্ণভাবে দায়বদ্ধ থাকবে বলে অঙ্গীকার করেন তিনি। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেন, দেশে পুনরায় আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে।

বিজ্ঞাপন

ভাষণে তিনি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় সংঘটিত গুম, খুন ও অপহরণের প্রসঙ্গ তুলে ধরে বলেন, একটি বর্বর বন্দিশালা মানবাধিকারের চরম লঙ্ঘনের প্রতীক হয়ে উঠেছিল। বিশেষ করে ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা স্মরণ করে তিনি গভীর শোক ও সমবেদনা জানান।

তিনি বলেন, বাংলাদেশের জন্মযুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন, তারা সবাই একটি ন্যায়ভিত্তিক, নিরাপদ ও গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন বাস্তবায়ন করাই আজকের বড় দায়িত্ব।

বিএনপির অগ্রাধিকার তুলে ধরে তারেক রহমান বলেন, প্রায় ২০ কোটি মানুষের এই দেশে নারী ও তরুণ জনগোষ্ঠীর সংখ্যা উল্লেখযোগ্য। তাদের শক্তিতে রূপান্তরিত না করতে পারলে রাষ্ট্র কখনো এগোতে পারবে না। তাই জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নই বিএনপির মূল লক্ষ্য।

বিজ্ঞাপন

তিনি জানান, বেকারত্ব নিরসন হবে দলের প্রধান অগ্রাধিকার। ব্যাংক, বিমা ও পুঁজিবাজার সংস্কারের মাধ্যমে দেশে ও বিদেশে এক কোটি নতুন কর্মসংস্থান তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তরুণদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে বিনামূল্যে কারিগরি শিক্ষা, আইটি ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

এছাড়া সাইবার নিরাপত্তা, ডাটা প্রসেসিং ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক খাতে নতুন শিল্প গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি। শিক্ষিত বেকারদের জন্য কর্মসংস্থান না পাওয়া পর্যন্ত সর্বোচ্চ এক বছর মেয়াদি বেকার ভাতা দেওয়ার সিদ্ধান্তের কথাও ভাষণে উল্লেখ করেন বিএনপি চেয়ারম্যান।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD