Logo

ভোটারদের কালি মুছতে মেডিসিন আনছে জামায়াত: জোনায়েদ সাকি

profile picture
উপজেলা প্রতিনিধি
বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া
১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:৩২
ভোটারদের কালি মুছতে মেডিসিন আনছে জামায়াত: জোনায়েদ সাকি
ছবি প্রতিনিধি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের বিএনপি জোট মনোনিত সংসদ সদস্য প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি সংবাদ সম্মেলন করেছেন।

বিজ্ঞাপন

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার আমেনা প্লাজায় অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে তিনি নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

জোনায়েদ সাকি বলেন, আমরা দীর্ঘদিন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। আমাদের বহু নেতাকর্মী শহীদ হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু রাজনৈতিক ক্ষমতার প্রতিযোগিতায় এসে আবারও পুরোনো কৌশল ও অনৈতিক প্রথার আশ্রয় নেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। জনগণের ভোটের ওপর আস্থা না রেখে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ওপর নির্ভর করার চেষ্টা স্পষ্ট।

বিজ্ঞাপন

তিনি বলেন, ভোটারদের কালি মুছতে মেডিসিন আনছে জামায়াত। এছাড়া অনুপস্থিত ভোটারদের ভোট দিয়ে দেওয়াসহ একই ব্যক্তিকে ভোট দেওয়ানো, ইচ্ছাকৃতভাবে কেন্দ্রে মব তৈরি করা এবং সেগুলো দিয়ে প্রচার করে ভোটারদের বাধাগ্রস্ত করাসহ নানান লক্ষণ নিয়ে কাজ করছে দলটি।

গণসংহতি আন্দোলনের এই নেতা বলেন, ভোট ব্যবস্থা বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমরা বারবার আহ্বান জানিয়েছি সব রাজনৈতিক দলকে জনগণের রায়ের ওপর আস্থা রাখতে হবে। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের যেকোনো অপচেষ্টা জনগণ প্রতিহত করবে।

তিনি আরও বলেন, গত দুই দিন ধরে পরিকল্পিতভাবে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চলছে। কয়েকজন জামায়াত নেতা ও প্রার্থী প্রকাশ্যে কেন্দ্রে কেন্দ্রে বাঁশের লাঠি নিয়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন। এটি ভোটারদের মধ্যে ভীতি সঞ্চার এবং ভোটাধিকার প্রয়োগে বাধা সৃষ্টির শামিল। নির্বাচন আচরণবিধির এটি সুস্পষ্ট লঙ্ঘন এমন মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন জোনায়েদ সাকি। তিনি জানান, প্রিজাইডিং কর্মকর্তাদের তালিকা পর্যালোচনা করে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। “কয়েকজন কর্মকর্তার সরাসরি রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এমনকি তাদের নিজ নিজ ভোটকেন্দ্রেই দায়িত্ব দেওয়া হয়েছে। আবার বিতর্কিতভাবে কিছু প্রিজাইডিং কর্মকর্তাকে দায়িত্ব পালনে বাধা দেওয়া হচ্ছে,” অভিযোগ করেন তিনি।

সবশেষে তিনি বলেন, প্রশাসনকে নিরপেক্ষ ও পেশাদার আচরণ করতে হবে। কোনো ধরনের পক্ষপাতমূলক ভূমিকা দেশের জনগণ মেনে নেবে না।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, সাধারণ সম্পাদক ভিপি একে এম মুসা, সাবেক সাধারণ সম্পাদক ম ম ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মুসা, উপজেলা যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ আকাশ, সাবেক আহ্বায়ক ভিপি মুজিবসহ প্রেসক্লাব বাঞ্ছারামপুরের সাংবাদিকবৃন্দ।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD