Logo

ভোট সুষ্ঠু, সর্বোচ্চ আসনে বিজয়ী হওয়ার আশা ১১-দলীয় জোটের

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:০৭
ভোট সুষ্ঠু, সর্বোচ্চ আসনে বিজয়ী হওয়ার আশা ১১-দলীয় জোটের
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একযোগে অনুষ্ঠিত গণভোট উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১-দলীয় নির্বাচনী জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, বিচ্ছিন্ন কিছু অনিয়ম ও হালকা সমস্যার বাইরে নির্বাচন সুষ্ঠু হয়েছে এবং তারা বিপুল ভোটে সর্বোচ্চ সংখ্যক আসনে তাদের প্রার্থীদের বিজয়ী হওয়ার দৃঢ় আশা ব্যক্ত করছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মগবাজারে জোটের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দেশবাসী স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে প্রমাণ করেছেন যে বাংলাদেশে সুন্দর ও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। এজন্য আমরা নির্বাচন কমিশন, সরকার ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।

বিজ্ঞাপন

জুবায়ের বলেন, আজ ১২ ফেব্রুয়ারি ২০২৬ একটি ঐতিহাসিক দিন। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলেছে। লাইন শেষ না হওয়া পর্যন্ত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন। ইতোমধ্যেই কিছু কেন্দ্রে গণনা শুরু হয়েছে।

তিনি অতীতের নির্বাচনের কথা স্মরণ করিয়ে বলেন, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচন জাতির প্রত্যাশা পূরণ করতে পারেনি। তবে ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের তিনটি অগ্রাধিকার ছিল— বিচার, সংস্কার ও আজকের নির্বাচন।

সংবাদ সম্মেলনে বলা হয়, শহর ও গ্রামে মানুষ গভীর আগ্রহ নিয়ে নির্বাচনে অংশ নিয়েছে। ট্রলারে, বাসে ও লঞ্চে করে ভোট দিতে আসা মানুষের দীর্ঘ সারি দেখা গেছে। এটি একটি অনন্য নির্বাচন ছিল, যেখানে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা সংঘর্ষ হয়নি।

বিজ্ঞাপন

যদিও সামগ্রিকভাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে, কিছু কেন্দ্রে অভিযোগও করা হয়েছে। এহসানুল মাহবুব জুবায়ের জানান, শরীয়তপুর-২, কুমিল্লা-৮ ও পটুয়াখালী-১সহ কিছু কেন্দ্রে তাদের এজেন্টদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে। কিছু কেন্দ্রে ভোটারদের হুমকি ও শারীরিক নির্যাতনের ঘটনাও ঘটেছে। তবে এই সমস্ত ঘটনা প্রশাসন ও নির্বাচন কমিশনের কাছে জানানো হয়েছে।

ফলাফল পর্যবেক্ষণ প্রসঙ্গে তিনি বলেন, ১১-দলীয় জোটের পর্যবেক্ষকরা নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ কক্ষে সার্বক্ষণিক তদারকি করছেন। জাতীয় সংসদ, গণভোট ও পোস্টাল ভোট একসঙ্গে গণনার কারণে পূর্ণাঙ্গ ফলাফল পাওয়া কাল পর্যন্ত সময় লাগতে পারে।

বিজ্ঞাপন

পরিশেষে জুবায়ের দৃঢ়ভাবে বলেন, দেশবাসী আমাদের ২৯৯ প্রার্থীকে সমর্থন করেছেন। আমরা আশাবাদী, বিপুল ভোটে এই প্রার্থীরা সর্বোচ্চ সংখ্যক আসনে বিজয়ী হয়ে দেশের মানুষের প্রত্যাশা পূরণ করবেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD