Logo

নির্বাচনে আমাদের হক কেড়ে নেওয়া হয়েছে: জামায়াত আমির

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:৩৬
নির্বাচনে আমাদের হক কেড়ে নেওয়া হয়েছে: জামায়াত আমির
ছবি: সংগৃহীত

সংসদ নির্বাচনে পরিকল্পিতভাবে পরাজিত করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন ডা. শফিকুর রহমান। তার দাবি, নির্বাচনে তাদের ‘হক কেড়ে নেওয়া হয়েছে’। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট নগরীর মালঞ্চ কমিউনিটি সেন্টারে জেলা জামায়াত আয়োজিত শুরা ও কর্মপরিষদ সদস্যদের শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ডা. শফিকুর রহমান বলেন, যেসব আসনে ১০ থেকে ১২ হাজার ভোটের ব্যবধানে হার দেখানো হয়েছে, সেগুলো ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। কোথাও কোথাও ফল ঘোষণা দেওয়ার পরও তা স্থগিত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তার ভাষ্য, “মানুষ আমাদের বলছে—আপনারা হারেননি, আপনাদের হারিয়ে দেওয়া হয়েছে। কিছু সংবেদনশীল এলাকায় পরিকল্পিতভাবে আমাদের পরাজিত করা হয়েছে।”

তিনি আরও বলেন, সংসদীয় রাজনীতিতে এবারই জামায়াত সবচেয়ে বড় সাফল্য অর্জন করেছে। তার মতে, এবারের নির্বাচনে তিনটি অর্জন হয়েছে—দলের নেতৃত্বে ঐক্য সুসংহত হয়েছে, প্রধান বিরোধী দলের দায়িত্ব পেয়েছে এবং ছয়টি শক্তির বিরুদ্ধে একযোগে লড়াই করেছে দলটি।

বিজ্ঞাপন

তিনি দাবি করেন, “এই ছয় শক্তি অন্য কিছুর আশ্রয় না নিলে আমাদের মোকাবিলা করতে পারত না।” বিভিন্ন সংস্থাও নির্বাচনী অনিয়মের বিষয়ে কথা বলছে বলে উল্লেখ করেন তিনি।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমির বলেন, এখন থেকেই কৌশল নির্ধারণ করে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নিতে হবে। “জাতীয় নির্বাচন ছিল প্রথম লড়াই, দ্বিতীয় লড়াই হবে স্থানীয় সরকার নির্বাচন। কোনো স্থান যেন খালি না থাকে,” বলেন তিনি।

তিনি জানান, যারা দলের পক্ষে ঝুঁকি নিয়ে কাজ করেছেন, সমাজের সেসব স্থান থেকে সৎ ও যোগ্য মানুষদের স্থানীয় সরকারের দায়িত্বে আনার পরিকল্পনা রয়েছে। এজন্য নেতাকর্মীদের ত্যাগ স্বীকারের মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

ডা. শফিকুর রহমান বলেন, রাজধানীর বস্তি এলাকায় নানা প্রতিশ্রুতি ও প্রভাব খাটানোর চেষ্টা করা হলেও তা ফলাফলে প্রভাব ফেলেনি। তার ভাষায়, “আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, মুক্তিপ্রিয় মানুষের বাংলাদেশ হবে। আমরা থামব না, কেউ আমাদের থামাতে পারবে না।”

সিলেট জেলা জামায়াতের আমির মওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি জয়নাল আবেদীনের পরিচালনায় অনুষ্ঠানে মহানগর ও জেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

বিজ্ঞাপন

এছাড়া বিকেলে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জামায়াত আমিরের।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD