Logo

সংসদে নাহিদ ইসলামের বক্তব্য শুনে অশ্রুসিক্ত ডা. মাহমুদা মিতু

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ মার্চ, ২০২৬, ১৭:৪৭
সংসদে নাহিদ ইসলামের বক্তব্য শুনে অশ্রুসিক্ত ডা. মাহমুদা মিতু
ডা. মাহমুদা মিতু | ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আবেগঘন বক্তব্য রাখেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক, ঢাকা–১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলাম। তার বক্তব্য সংসদে উপস্থিতদের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বিজ্ঞাপন

নাহিদের বক্তব্য শোনার পর অনুভূতি জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট দেন এনসিপির নেত্রী ডা. মাহমুদা মিতু। তিনি লিখেছেন, সংসদে নাহিদ ইসলামের বক্তব্য শুনতে গিয়ে তার চোখে অঝোরে অশ্রু ঝরছিল। তিনি প্রশ্ন তুলে বলেন, ওরা ছাড়া আর কে-ই বা এভাবে জুলাইকে বাঁচিয়ে রাখবে?

পোস্টের মন্তব্যে তিনি আরও লেখেন, আল্লাহ যেন নাহিদ, হাসনাত, সার্জিস, আখতার, হান্নানসহ জুলাই আন্দোলনের সাহসী যোদ্ধাদের নেক হায়াত ও দীর্ঘ জীবন দান করেন।

বিজ্ঞাপন

সংসদে বক্তব্যের শুরুতেই স্পিকারকে ধন্যবাদ জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান এবং সেই আন্দোলনের যোদ্ধাদের নিয়ে আনা শোক প্রস্তাবের ওপর আলোচনা করার সুযোগ পাওয়া তার জন্য সম্মানের। এরপর তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া, আহত ও পঙ্গু হওয়া আন্দোলনকারীদের।

বক্তব্যে তিনি অতীতের বিভিন্ন আন্দোলন ও ঘটনায় নিহতদেরও স্মরণ করেন। এর মধ্যে ছিল পিলখানা হত্যাকাণ্ডে শহীদ হওয়া ব্যক্তিরা, শাপলা চত্বর অভিযানে নিহতরা, ফ্যাসিস্ট আমলে গুম হওয়া মানুষ, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা। একই সঙ্গে তিনি স্মরণ করেন আবরার ফাহাদ, ফেলানী খাতুনসহ বিভিন্ন সময়ে নিহতদের।

নাহিদ ইসলাম তার বক্তব্যে ২০২৪ সালের ছাত্র–জনতার গণঅভ্যুত্থানে নিহতদের কথাও তুলে ধরেন। তিনি স্মরণ করেন শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম, ইয়ামিন, কিশোর শহীদ সজলসহ অনেককে। একই সঙ্গে উল্লেখ করেন চার বছরের শিশু আহাদ, ছয় বছরের শিশু রিয়া গোপসহ প্রায় দেড় শতাধিক শিশুর মৃত্যুর কথাও।

বিজ্ঞাপন

বক্তৃতার এক পর্যায়ে তিনি দশম শ্রেণির ছাত্র শহীদ আনাসের মাকে লেখা চিঠির একটি অংশ পাঠ করেন। সেই চিঠিতে আনাস লিখেছিলেন, যদি একটি প্রতিবন্ধী কিশোর বা সাত বছরের শিশু পর্যন্ত সংগ্রামে নামতে পারে, তবে তিনি ঘরে বসে থাকতে পারেন না। মৃত্যুকে ভয় না করে মানুষের জন্য জীবন উৎসর্গ করাই প্রকৃত মানবিকতার পরিচয়—এই বিশ্বাস নিয়েই তিনি আন্দোলনে নেমেছিলেন বলে চিঠিতে উল্লেখ ছিল।

এ সময় সংসদ কক্ষে আবেগঘন পরিবেশ তৈরি হয়। নাহিদ ইসলাম বলেন, আনাস তার মাকে উদ্দেশ্য করে লেখা ওই চিঠি দিয়ে রাস্তায় নেমেছিলেন এবং শেষ পর্যন্ত শহীদ হন।

বিজ্ঞাপন

বক্তব্যে তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কথাও উল্লেখ করেন। নাহিদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পেছনে খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও আত্মত্যাগের প্রভাব রয়েছে। তার সেই আন্দোলন ও অবস্থান দেশের তরুণ সমাজকে অনুপ্রাণিত করেছে আত্মত্যাগের পথে এগিয়ে যেতে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD