Logo

৬৮ সদস্যের ছায়া মন্ত্রিসভার তালিকা প্রস্তুত করেছে জামায়াত

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ মার্চ, ২০২৬, ১৯:৪১
৬৮ সদস্যের ছায়া মন্ত্রিসভার তালিকা প্রস্তুত করেছে জামায়াত
ছবি: সংগৃহীত

৮৫ বছরের রাজনীতির ইতিহাসে প্রথমবারের মতো দেশের প্রধান বিরোধী দল হিসেবে অবস্থান করছে ধর্মভিত্তিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। ত্রয়োদশ জাতীয় সংসদে ৬৮ জন নির্বাচিত সংসদ সদস্য নিয়ে প্রবেশের আগেই দলটি ছায়া মন্ত্রিপরিষদ গঠনের উদ্যোগ নেয়, যা দেশে নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে।

বিজ্ঞাপন

ছায়া মন্ত্রিসভার প্রাথমিক গঠন প্রক্রিয়ায় কাজ করছেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অ্যাডভোকেট শিশির মনির।

তিনি জানান, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডার মতো উন্নত দেশের সংসদীয় ব্যবস্থার আদলে বাংলাদেশের সংসদকে আরও কার্যকর ও সমন্বিত করতে এই ছায়া মন্ত্রিপরিষদ গঠন করা হচ্ছে। মন্ত্রিসভার মূল লক্ষ্য হবে সরকারের মন্ত্রণালয়গুলোর কর্মকাণ্ড যাচাই-বাছাই করা, ভুল সিদ্ধান্তের গঠনমূলক সমালোচনা করা এবং সঠিক নীতি প্রণয়নে সহযোগিতা করা।

বিজ্ঞাপন

দলীয় সূত্রে জানা গেছে, ইতোমধ্যে প্রাথমিক তালিকা তৈরি হয়েছে। এতে শুধু নির্বাচিত সংসদ সদস্যরাই নয়, যোগ্যতা বিবেচনায় অন্যান্য প্রার্থীও রাখা হয়েছে। তবে এখনো চূড়ান্ত সদস্যদের নাম প্রকাশ করা হয়নি।

শিশির মনির বলেন, ছায়া মন্ত্রিসভা সরকারের মন্ত্রিসভার প্রায় সমান আকারের হবে। এখানে রাজনীতিকদের পাশাপাশি সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, সাবেক আমলা, গবেষক এবং ছাত্র প্রতিনিধিরা থাকবেন। বিশেষ সেক্রেটারিয়েটও গঠন করা হবে মন্ত্রীদের সহায়তার জন্য।

তিনি আরও জানান, ছায়া মন্ত্রিসভা গঠনের জন্য সরকার থেকে কোনো অর্থ বা সুবিধা গ্রহণ করা হবে না; এর সব খরচ বহন করবে জামায়াতে ইসলামী। এছাড়া, ১১ দলীয় নির্বাচনী জোটের শরিক দলগুলো ছায়া মন্ত্রিসভার অংশ হবেন কি না তা নিয়ে আলাপ চলছে, তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বিজ্ঞাপন

শিশির মনির বলেন, ছায়া মন্ত্রিপরিষদের প্রাথমিক তালিকা প্রস্তুত। সদস্যদের যোগ্যতার ভিত্তিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হবে। এটি সব বয়সী সদস্যদের সমন্বয় হবে। তাই কিছুটা সময় লাগছে। শিগগিরই এটি জনসাধারণের জন্য সামনে প্রকাশ করা হবে।

বাংলাদেশের রাজনীতিতে সাধারণত সরকারি দলের ত্রুটি বা ভুলের প্রতিবাদে বিরোধী দল রাজপথে আন্দোলনে নামে, যা কখনো কখনো সংঘাত-সহিংসতায় গড়ায়। অন্যদিকে উন্নত দেশের সংসদীয় ব্যবস্থায় বিরোধী দল সরকারকে ছায়া মন্ত্রিসভার মাধ্যমে নিয়মিত পর্যবেক্ষণ ও বিকল্প নীতি প্রস্তাব দেয়। জামায়াতের এই উদ্যোগের মাধ্যমে দেশে ত্রয়োদশ জাতীয় সংসদের অধীনে সংঘাতমুক্ত ও গঠনমূলক রাজনীতি চালুর প্রত্যাশা জাগেছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD