এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতা ভর্তি থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস–এর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছে। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে এই অস্ত্রোপচার সম্পন্ন করা হয়।
বিজ্ঞাপন
বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড রোগীর সার্বিক অবস্থা পর্যালোচনা করে মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী কিছুক্ষণ আগে তার অপারেশন সম্পন্ন হয়েছে।
ডা. রফিক জানান, এর আগে সকালে উনার সিটি স্ক্যান করা হয়েছিল। সেই রিপোর্টে অবস্থার অবনতি দেখা দিলে দ্রুত একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে এবং সব কিছু পর্যালোচনা করে এই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে পরিবারের সদস্যদের সম্মতিও নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
মেডিকেল বোর্ডে দেশের প্রখ্যাত নিউরো বিশেষজ্ঞরা রয়েছেন বলে জানান ডা. রফিক। বোর্ডে অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ, অধ্যাপক শফিকুল ইসলামসহ এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা রয়েছেন।
এর আগে জুমার নামাজের পর তারেক রহমান হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং মির্জা আব্বাসের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন। এ সময় মেডিকেল বোর্ডের পক্ষ থেকে তাকে রোগীর চিকিৎসা ও অপারেশন সংক্রান্ত তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
ডা. রফিক আরও জানান, মির্জা আব্বাসের আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।
গত বুধবার ইফতারের সময় অসুস্থ হয়ে জ্ঞান হারালে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় মির্জা আব্বাসকে।








